ঢাকা, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

সরকারের ৬২ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে: মাহাদী আমিন

২০২৬ মে ২৫ ২১:৫৬:২৭

সরকারের ৬২ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে: মাহাদী আমিন

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতায় আসার পর প্রথম ১০০ দিনে নেওয়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর বেশিরভাগই বাস্তবায়নের পথে বলে দাবি করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। সরকারের ভাষ্য অনুযায়ী, এই সময়ে গৃহীত ৬০টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে ৬২ শতাংশ ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে।

সোমবার বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সরকারের শতদিনের কার্যক্রম তুলে ধরেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদী আমিন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার দায়িত্ব নেওয়ার পর অল্প সময়েই বিভিন্ন খাতে দৃশ্যমান অগ্রগতি এসেছে। জনমনে নতুন আশাবাদ, অংশগ্রহণ ও আস্থার পরিবেশ তৈরি হয়েছে বলেও দাবি করেন তিনি।

মাহাদী আমিন বলেন, মানবাধিকার, বাকস্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার আন্তরিকভাবে কাজ করছে। তবে বাকস্বাধীনতার আড়ালে বিদ্বেষ, অপপ্রচার ও চরিত্রহননের রাজনীতি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এ ধরনের কর্মকাণ্ড গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে সাংঘর্ষিক বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনায় দেশের তরুণ ও নারীদের ক্ষমতায়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ২০ কোটি মানুষের সম্মিলিত অংশগ্রহণে বাংলাদেশকে আত্মনির্ভর ও মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।

নির্বাচিত সরকার বৈষম্যহীন সুযোগ নিশ্চিত করতে চায় উল্লেখ করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র বলেন, দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন মেধা ও যোগ্যতার ভিত্তিতে সমান সুযোগ পান, সেই পরিবেশ তৈরিতে সরকার অঙ্গীকারবদ্ধ।

১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ের পর ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। সেই থেকে প্রথম ১০০ দিনে মানুষের জীবনমান উন্নয়নে দ্রুত ও কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও দাবি করেন মাহাদী আমিন।

হামের টিকা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গত তিন মাসে প্রায় শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের স্বাস্থ্যঝুঁকি যাতে আর না দেখা দেয়, সে লক্ষ্যে সরকার অগ্রাধিকারভিত্তিতে কাজ করছে।

অপপ্রচার ও সাইবার নিরাপত্তা নিয়ে তিনি বলেন, বিএনপি সরকারের ধারাবাহিকতায় বর্তমান সরকারও সর্বোচ্চ বাকস্বাধীনতায় বিশ্বাস করে। তবে স্বাধীনতার অপব্যবহার করে অপপ্রচার বা অশালীন আচরণ গ্রহণযোগ্য নয়। এজন্য প্রয়োজনীয় আইনি সংস্কার নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি।

সাগর-রুনি হত্যা মামলার প্রসঙ্গে মাহাদী আমিন বলেন, সাংবাদিক দম্পতির হত্যার বিচার সরকার অগ্রাধিকার হিসেবে দেখছে। এ বিষয়ে ভবিষ্যতে দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ঈদযাত্রা নিরাপদ করতে সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন, ট্রেনের সংখ্যা ও নারীদের জন্য আলাদা বগি বাড়ানোসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি বাস ও ট্রেন চলাচলে নিরাপত্তা নিশ্চিত করতেও উদ্যোগ নেওয়া হচ্ছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, অর্থনৈতিক সংস্কার, দুর্নীতিবিরোধী অভিযান, রেমিট্যান্স ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি, পাচার হওয়া অর্থ ফেরত আনার উদ্যোগ, ফ্রিল্যান্সারদের রাষ্ট্রীয় পরিচয়পত্র প্রদান, বন্ধ শিল্পকারখানা চালু এবং পরিবেশবান্ধব পরিবহন চালুর মতো নানা পদক্ষেপ বাস্তবায়ন করছে সরকার।

এ সময় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, স্পিচ রাইটার এস এ এম মাহফুজুর রহমানসহ প্রেস উইংয়ের অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ঈদের আগে আবারও রেকর্ড ছুঁল স্বর্ণের দাম

ঈদের আগে আবারও রেকর্ড ছুঁল স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র ঈদুল আজহার আনন্দ উদযাপনের ঠিক আগমুহূর্তে দেশের বাজারে স্বর্ণের দাম একঝটকায় অনেকটাই বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স... বিস্তারিত