ঢাকা, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

নবম পে-স্কেল বাস্তবায়ন নিয়ে যা জানাল অর্থ মন্ত্রণালয়

২০২৬ মে ০২ ১৬:৩৯:০৬

নবম পে-স্কেল বাস্তবায়ন নিয়ে যা জানাল অর্থ মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে নবম পে-স্কেল পর্যায়ক্রমে বাস্তবায়নের সুপারিশ করেছে পুনর্গঠিত বেতন কমিশন। জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস এবং সশস্ত্র বাহিনী বেতন কমিশনের সুপারিশের ভিত্তিতে গঠিত কমিটি এই প্রতিবেদন জমা দিয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সব ঠিক থাকলে আগামী পহেলা জুলাই থেকেই এই নতুন বেতন কাঠামোর প্রথম ধাপ কার্যকর হতে পারে।

গত ২১ এপ্রিল সরকার এই সুপারিশ প্রণয়ন কমিটি পুনর্গঠন করেছিল। সম্প্রতি কমিটি তাদের সুচিন্তিত মতামত জমা দিয়েছে, যেখানে বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের সাথে সামঞ্জস্য রেখে বেতন কাঠামো পুনর্বিন্যাসের প্রস্তাব করা হয়েছে। রাষ্ট্রীয় কোষাগারের ওপর চাপ কমাতে কমিটি এটি ধাপে ধাপে বাস্তবায়নের পরামর্শ দিয়েছে। এই লক্ষ্য পূরণে আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রয়োজনীয় বিশেষ বরাদ্দ রাখার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, সচিব কমিটির সুপারিশগুলো এখন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রথম পর্যায়ে মূল বেতন বৃদ্ধি করা হবে। পরবর্তী ধাপে চিকিৎসা ভাতাসহ অন্যান্য আনুষঙ্গিক ভাতাগুলো বাড়ানো হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে সরকারের উচ্চ পর্যায় থেকে।

উল্লেখ্য, ২০১৫ সালে সর্বশেষ অষ্টম পে-স্কেল ঘোষণা করা হয়েছিল। দীর্ঘ ১১ বছর পর ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী অন্তর্বর্তী সরকার নতুন পে-কমিশন গঠন করে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই এই কমিশন তাদের সুপারিশ চূড়ান্ত করে। প্রস্তাবিত কাঠামোতে সরকারি কর্মচারীদের সর্বনিম্ন মূল বেতন ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ ১,৬০,০০০ টাকা করার সুপারিশ করা হয়েছে। এতে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত দাঁড়িয়েছে ১:৮, যা দেশের ইতিহাসে সর্বনিম্ন ব্যবধান। এর আগে ১৯৭৩ সালে এই অনুপাত ছিল ১:১৫.৪ এবং ২০১৫ সালে ছিল ১:৯.৪।

প্রস্তাবিত বেতন স্কেলের প্রভাব ব্যাখ্যা করতে গিয়ে জানানো হয়, বর্তমানে ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় কর্মরত ২০তম গ্রেডের একজন কর্মচারী সব মিলিয়ে ১৬,৯৫০ টাকা বেতন পান (মূল বেতন ৮,২৫০ টাকা)। নতুন স্কেল কার্যকর হলে তার মোট বেতন দাঁড়াবে ৪১,৯০৮ টাকা, যার মধ্যে মূল বেতনই হবে ২০,০০০ টাকা। ১৯তম থেকে ১ম গ্রেড পর্যন্ত সবার বেতন-ভাতাই বৃদ্ধি পাবে, তবে সমতা বজায় রাখার স্বার্থে উচ্চতর গ্রেডগুলোতে বৃদ্ধির হার কিছুটা সীমিত রাখা হতে পারে। এছাড়া টিফিন, যাতায়াত বা ধোলাই ভাতার মতো বিষয়গুলো নিম্নদিকের গ্রেডগুলোতে বিশেষ গুরুত্ব পেয়েছে।

কমিশন তাদের প্রতিবেদনে আরও জানিয়েছে, নতুন পে-স্কেল শুরুর তারিখ থেকে বর্তমানে প্রচলিত ১০ ও ১৫ শতাংশ বিশেষ ভাতা বিধি মোতাবেক সমন্বয় করা হবে। এর মাধ্যমে সরকারি চাকুরিজীবীদের আর্থিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দীর্ঘদিনের বেতন বৈষম্য অনেকাংশে ঘুচে যাবে বলে আশা করা হচ্ছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত