ঢাকা, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২
শিক্ষা ক্যাডারে বড় রদবদল, একাধিক কর্মকর্তা ওএসডি
নিজস্ব প্রতিবেদক: বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে বড় ধরনের রদবদল করেছে সরকার। একাধিক প্রজ্ঞাপনের মাধ্যমে বিভিন্ন কলেজ, শিক্ষা বোর্ড ও অধিদপ্তরে কর্মরত কর্মকর্তাদের নতুন করে দায়িত্ব বণ্টন, বদলি ও সংযুক্তি দেওয়া হয়েছে। এতে একদিকে যেমন নতুন পদায়ন করা হয়েছে, অন্যদিকে কয়েকজন কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখার উপসচিব তানিয়া ফেরদৌসের সই করা প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, অধ্যাপক মোহাম্মদ জহিরুল হক স্বপন, যিনি ওএসডি হিসেবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে কর্মরত ছিলেন (ইনসিটু কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ), তাকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, চট্টগ্রামের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিব ড. এ. কে. এম. সামছু উদ্দিন আজাদকে চট্টগ্রাম সরকারি কলেজে অধ্যাপক (রসায়ন) হিসেবে বদলি করা হয়েছে। সহকারী অধ্যাপক আবু মুসা মো. তারেককে সিলেট সরকারি আলিয়া মাদরাসা থেকে সিলেট শিক্ষাবোর্ডে বিদ্যালয় পরিদর্শক পদে পদায়ন করা হয়েছে।
এছাড়া সহযোগী অধ্যাপক মোহাম্মদ মঈনুল ইসলামকে সিলেট শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শকের দায়িত্ব থেকে সরিয়ে ওএসডি করে বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জে সংযুক্ত করা হয়েছে। বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের অধ্যাপক মো. আনোয়ার হোসেনকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ) পদে এবং পরিচালক (কলেজ ও প্রশাসন) হিসেবে কর্মরত বি. এম. আব্দুল হান্নানকে ওএসডি করে সরকারি তিতুমীর কলেজে সংযুক্ত করা হয়েছে। একইসঙ্গে ফরিদপুরের মধুখালীর সরকারি আইনউদ্দিন কলেজের অধ্যাপক মো. নাজমুল হককে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) হিসেবে পদায়ন করা হয়েছে। এনটিআরসিএতে উপপরিচালক হিসেবে দায়িত্বে থাকা অধ্যাপক দীনা পারভিনকে ওএসডি করে মাউশি অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে (পিআরএল সুবিধার্থে)।
অন্য প্রজ্ঞাপনে দেখা যায়, অধ্যাপক মো. জাফর আহম্মদকে ওএসডি রেখে সরকারি তিতুমীর কলেজে সংযুক্ত করা হয়েছে। সহযোগী অধ্যাপক মোসাম্মৎ কামরুন নাহারকে হাজারীবাগ সরকারি কলেজ থেকে ঢাকা কলেজে বদলি করা হয়েছে। মাদারীপুর সরকারি কলেজের অধ্যাপক গৌর কুমার চৌধুরীকে খুলনার সরকারি ব্রজলাল কলেজে স্থানান্তর করা হয়েছে। গবেষণা কর্মকর্তা হিসেবে কর্মরত সহযোগী অধ্যাপক মোছা. আয়শা সিদ্দিকা মৌসুমীকে ওএসডি করে ঢাকা উদ্যান সরকারি কলেজে সংযুক্ত করা হয়েছে। একইভাবে অধ্যাপক আবু মোহাম্মদ রেজাউল হাসানকে ওএসডি রেখে সবুজবাগ সরকারি মহাবিদ্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
আরেকটি প্রজ্ঞাপনে অধ্যাপক মো. বোরহান উদ্দীনকে দিনাজপুর শিক্ষাবোর্ডে পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে পদায়ন করা হয়েছে। টাঙ্গাইলের সা’দত সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শামীম আল মামুনকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (প্রশিক্ষণ) করা হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সদস্য (প্রেষণ) ড. রিয়াদ চৌধুরীকে ওএসডি করে কুমিল্লা সরকারি কলেজে সংযুক্ত করা হয়েছে। অধ্যাপক মো. কামরুজ্জামানকে ওএসডি রেখে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে সংযুক্ত করা হয়েছে। সোনাগাজী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক খন্দকার জাহিদুল হককে কবি নজরুল সরকারি কলেজ, ঢাকায় বদলি করা হয়েছে। একইভাবে অধ্যাপক রাবেয়া মোমেনকে ওএসডি রেখে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে সংযুক্ত করা হয়েছে।
সরকারি নির্দেশনা অনুযায়ী, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ১৫ এপ্রিলের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান প্রক্রিয়া সম্পন্ন না করলে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে এবং নির্ধারিত নিয়ম মেনে পিডিএসের মাধ্যমে দায়িত্ব গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিশেষ নির্দেশনা জারি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ এপ্রিল)
- টানা ৫ দিনের বড় ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ এপ্রিল)
- ৪.৯ মাত্রার ভূমিকম্পে টের পেল বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ এপ্রিল)
- আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপে ব্রাজিল
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- অনলাইন ক্লাস হতে পারে যেসব স্কুল-কলেজে
- সংসদে তিন বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের অনুমোদন
- বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের নতুন সময়সূচি প্রকাশ
- ফের বাড়ছে স্বর্ণের দাম
- সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ
- দেশে সোনা ও রুপার দামে বড় পতন
- বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি