ঢাকা, সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রথম একনেক সভা, উঠছে ১৭ উন্নয়ন প্রকল্প

২০২৬ এপ্রিল ০৬ ১০:০৯:০৬

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রথম একনেক সভা, উঠছে ১৭ উন্নয়ন প্রকল্প

নিজস্ব প্রতিবেদক: নতুন সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা আজ সোমবার (৬ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই বৈঠকে মোট ১৭টি উন্নয়ন প্রকল্প উপস্থাপনের জন্য চূড়ান্ত করা হয়েছে, যার সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ১৩ হাজার ১৬১ কোটি টাকা।

সকাল সাড়ে ১০টায় সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী ও একনেকের সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রথমে নতুন সরকারের প্রথম একনেক বৈঠকে ১৮টি প্রকল্প উপস্থাপনের পরিকল্পনা ছিল। তবে শেষ পর্যন্ত ১৭টি প্রকল্পই বৈঠকে তোলা হতে পারে, যার মধ্যে ৯টি একেবারেই নতুন প্রকল্প। এছাড়া পরিকল্পনা মন্ত্রীর অনুমোদন পাওয়া ৩৩টি প্রকল্পও সভায় উপস্থাপন করা হবে।

এদিকে আলোচিত পদ্মা ব্যারাজ প্রকল্পটি এই বৈঠকের তালিকা থেকে বাদ পড়েছে। ভারতের ফারাক্কা বাঁধের প্রভাব মোকাবিলায় পানিসম্পদ মন্ত্রণালয় এই প্রকল্পটি প্রস্তাব করেছিল। প্রকল্পটির প্রথম ধাপে ব্যয় ধরা হয়েছিল প্রায় ৩৪ হাজার ৪৯৭ কোটি ২৫ লাখ টাকা।

আজকের বৈঠকে আলোচনার জন্য যেসব প্রকল্প রয়েছে তার মধ্যে রয়েছে—বগুড়া ও গাইবান্ধা জেলায় করতোয়া নদী সিস্টেম উন্নয়ন, ময়মনসিংহে জলবায়ু সহনশীল সেতু নির্মাণ, রাজধানীতে জরুরি পানি সরবরাহ প্রকল্প, সর্বজনীন সামাজিক অবকাঠামো নির্মাণ, আইটি ট্রেনিং সেন্টার স্থাপন, সীমান্ত সড়ক নির্মাণ এবং আটটি বিভাগে শিশু ও মাতৃস্বাস্থ্য উন্নয়নের লক্ষ্যে মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনসহ অংশীদারিত্বমূলক উন্নয়ন প্রকল্প।

চূড়ান্ত তালিকায় থাকা ১৭টি প্রকল্পের মধ্যে নদী, পানি ও জলবায়ু সংশ্লিষ্ট প্রকল্প রয়েছে চারটি। এছাড়া অবকাঠামো উন্নয়ন প্রকল্প পাঁচটি, সড়ক নির্মাণ ও উন্নয়ন সম্পর্কিত প্রকল্প তিনটি, মেডিকেল ও ডেন্টাল কলেজ হাসপাতাল নির্মাণের দুটি প্রকল্প, প্রযুক্তি উন্নয়ন সংক্রান্ত দুটি এবং অংশীদারিত্বমূলক উন্নয়ন বিষয়ক একটি প্রকল্প রয়েছে।

অর্থনীতিবিদরা মনে করছেন, নতুন সরকারের প্রথম একনেক বৈঠকের প্রকল্পগুলো সরকারের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার দিকনির্দেশনা দেবে। তবে এসব প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও কার্যকর তদারকি নিশ্চিত করা গুরুত্বপূর্ণ বলে মত দিয়েছেন তারা।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত