ঢাকা, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

সাহাপাড়া খাল খনন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২০২৬ মার্চ ০৫ ১৮:৩২:৩২

সাহাপাড়া খাল খনন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার পুনর্খননের বিশাল কর্মসূচি হাতে নিয়েছে সরকার। এই কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের কাহারোল উপজেলার বড়রামপুরে ‘সাহাপাড়া খাল’ খনন কার্যক্রমের উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘ঈদের আসরকারের’ আওতায় এই দেশব্যাপী পুনর্খনন কর্মসূচি শুরু হতে যাচ্ছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) পানিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক আন্তমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় জানানো হয়, প্রধানমন্ত্রী দিনাজপুরে সাহাপাড়া খাল উদ্বোধন করার পাশাপাশি একই দিনে দেশের বাকি ৬৩টি জেলায় সরকারের মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যরা একযোগে এই কর্মসূচির উদ্বোধন করবেন।

সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ। তিনি তাঁর বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন করে মানুষের হৃদয় জয় করেছিলেন। তিনি এই কর্মসূচিকে বিপ্লবে রূপ দিয়েছিলেন।’ বর্তমান সরকারের এই উদ্যোগকে সফল করতে তিনি সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

সভায় পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, দীর্ঘকাল খনন কার্যক্রম বন্ধ থাকায় সেচ সংকট ও জলাবদ্ধতায় জনদুর্ভোগ বেড়েছে। বর্তমান সরকার জনগণের নির্বাচিত সরকার, তাই জনকল্যাণে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। তিনি এই কর্মসূচিকে সফল করতে বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ জানান, সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। বর্তমানে ১৮০ দিনের এই বিশেষ কর্মসূচি বাস্তবায়নে তিনি সংশ্লিষ্টদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

উক্ত সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবগণ উপস্থিত ছিলেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত