ঢাকা, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২
শিক্ষার্থী-শিক্ষক-কর্মচারীদের বিশেষ অনুদান দিচ্ছে সরকার, যেভাবে আবেদন করবেন
নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থী এবং বেসরকারি শিক্ষক-কর্মচারীদের কল্যাণে এবার বিশেষ আর্থিক অনুদান দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনে ২০২৫-২৬ অর্থবছরের জন্য এই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। বিশেষ করে শারীরিক প্রতিবন্ধী, দুস্থ, তৃতীয় লিঙ্গ ও অনগ্রসর সম্প্রদায়ের আবেদনকারীদের এই অনুদান পাওয়ার ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।
আগ্রহী শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীরা আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ১৭ মার্চ ২০২৬ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন। আবেদনের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বা সংশ্লিষ্টদের মাইগভ (www.mygov.bd) পোর্টালে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের ক্ষেত্রে অবশ্যই ব্যানবেইস-এর বার্ষিক শিক্ষা জরিপ-২০২৫ অনুযায়ী সচল মোবাইল নম্বর এবং প্রতিষ্ঠানের ইন (EIIN) নম্বর দিয়ে প্রোফাইল যাচাই করতে হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য অনুদান
দেশের সব স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (এমপিওভুক্ত ও নন-এমপিওভুক্ত) তাদের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে এই অনুদান চাইতে পারবে। বিশেষ করে প্রতিষ্ঠানের আসবাবপত্র ক্রয়, লাইব্রেরি সংস্কার, বৈজ্ঞানিক ও খেলাধুলার সরঞ্জাম সংগ্রহ এবং প্রতিষ্ঠানকে প্রতিবন্ধীবান্ধব করার জন্য আবেদন করা যাবে। অনুদান প্রদানের ক্ষেত্রে দুর্গম ও অনগ্রসর এলাকার প্রতিষ্ঠানগুলোকে গুরুত্ব দেওয়া হবে।
শিক্ষক-কর্মচারীদের জন্য অনুদান
বেসরকারি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা যারা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত কিংবা কোনো বড় দৈব দুর্ঘটনার শিকার হয়েছেন, তারা আর্থিক সহায়তার জন্য আবেদন করতে পারবেন। আবেদনের সাথে অবশ্যই জাতীয় পরিচয়পত্র (NID), প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র এবং সরকারি হাসপাতাল বা বিশেষজ্ঞ চিকিৎসকের দেওয়া চিকিৎসা সংক্রান্ত যাবতীয় সনদ সংযুক্ত করতে হবে।
শিক্ষার্থীদের জন্য অনুদান
স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা শারীরিক প্রতিবন্ধী, অতিদরিদ্র, মেধাবী বা বড় কোনো দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন, তারা এই সহায়তার আওতায় আসবেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য জন্মনিবন্ধন সনদ ও প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়ন প্রয়োজন। অন্যদিকে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের ক্ষেত্রে বিভাগীয় প্রধানের প্রত্যয়নপত্র এবং এনআইডি বা জন্মনিবন্ধন আবশ্যিক। অনুদান পাওয়ার ক্ষেত্রে পিছিয়ে পড়া ও অনগ্রসর শ্রেণির শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া
- শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রধানরাই আবেদনের মূল কাজ সম্পন্ন করবেন।
- শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বা রেজিস্ট্রারের মাধ্যমে আবেদন জমা দেবেন।
- আবেদনের সাথে ব্যাংকের সঠিক তথ্য ও এমআইসিআর (MICR) চেক বইয়ের স্ক্যান কপি বা পিডিএফ যুক্ত করতে হবে। বরাদ্দকৃত অর্থ সরাসরি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে।
গুরুত্বপূর্ণ শর্তাবলী
- কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষক-কর্মচারী এই সুবিধা কেবল একবারই ভোগ করতে পারবেন। যারা আগে সুবিধা পেয়েছেন, তারা পুনরায় আবেদন করতে পারবেন না।
- শিক্ষার্থীরা তাদের শিক্ষাজীবনে প্রতি তিন বছর পরপর একবার করে আবেদন করতে পারবেন।
- প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সমাজসেবা অফিস থেকে প্রাপ্ত ‘প্রতিবন্ধী সনদ’ এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে চিকিৎসকের দেওয়া সার্টিফিকেট দাখিল করা বাধ্যতামূলক।
- কোনো প্রকার হার্ডকপি বা অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য হবে না। ভুল তথ্য প্রদান করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নির্দেশিকা শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.shed.gov.bd) থেকে সংগ্রহ করা যাবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিশেষ নির্দেশনা জারি
- গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি ফল প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ এপ্রিল)
- টানা ৫ দিনের বড় ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ এপ্রিল)
- ৪.৯ মাত্রার ভূমিকম্পে টের পেল বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ এপ্রিল)
- আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপে ব্রাজিল
- অনলাইন ক্লাস হতে পারে যেসব স্কুল-কলেজে
- রবি আজিয়াটার বিরুদ্ধে বিএসইসির আনুষ্ঠানিক তদন্ত শুরু
- সংসদে তিন বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের অনুমোদন
- দেশে সোনা ও রুপার দামে বড় পতন
- ফের বাড়ছে স্বর্ণের দাম
- সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ
- ঢাবিতে ই-মেইল ভেরিফিকেশন প্রশিক্ষণ মঙ্গলবার