ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
নতুন এমপিরা কত বেতন-ভাতা পাবেন? জানুন বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে বহুল আলোচিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশের ২৯৭টি আসনে ২৯৭ জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে নির্বাচন কমিশন নির্বাচিত এমপিদের গেজেট প্রকাশ করেছে।
বাংলাদেশে সংসদ সদস্যদের বেতন-ভাতা ও সুযোগ সুবিধা নির্ধারিত রয়েছে ‘মেম্বার অব পার্লামেন্ট (রিমিউনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস), ১৯৭৩’ বা ‘সংসদ সদস্য (পারিশ্রমিক ও ভাতা) আদেশ, ১৯৭৩’ অনুযায়ী। বিভিন্ন সময়ে এ আদেশ সংশোধন করা হয়েছে; সর্বশেষ সংশোধন হয় ২০১৬ সালে।
আইন অনুযায়ী, একজন সংসদ সদস্য নির্ধারিত মাসিক মূল বেতনের পাশাপাশি বিভিন্ন ধরনের ভাতা ও সুবিধা পান যার মধ্যে রয়েছে পরিবহন, অফিস পরিচালনা, চিকিৎসা, ভ্রমণ, আপ্যায়ন, টেলিযোগাযোগ সুবিধা এবং শুল্কমুক্ত গাড়ি আমদানির সুযোগ।
একজন এমপি মাসিক ৫৫ হাজার টাকা মূল বেতন পান। এর সঙ্গে যুক্ত হয় ১২ হাজার ৫০০ টাকা নির্বাচনি এলাকা ভাতা এবং ৫ হাজার টাকা আপ্যায়ন ভাতা।
পরিবহন খাতে মাসে ৭০ হাজার টাকা ভাতা দেওয়া হয়, যার মধ্যে জ্বালানি ব্যয়, গাড়ির রক্ষণাবেক্ষণ এবং চালকের বেতন অন্তর্ভুক্ত। নির্বাচনি এলাকায় অফিস পরিচালনার জন্য রয়েছে মাসিক ১৫ হাজার টাকা অফিস ব্যয় ভাতা।
ব্যক্তিগত ব্যবহারের জন্য আরও কিছু ভাতা রয়েছে। এর মধ্যে মাসে ১ হাজার ৫০০ টাকা লন্ড্রি ভাতা এবং ৬ হাজার টাকা বিবিধ ব্যয় ভাতা অন্তর্ভুক্ত যা বাসনপত্র, বিছানাপত্র, টয়লেট্রিজসহ দৈনন্দিন প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য নির্ধারিত।
সংসদ সদস্যদের জন্য অন্যতম বড় সুবিধা হলো শুল্ক ও করমুক্ত গাড়ি আমদানির সুযোগ। মেয়াদকালে সরকার নির্ধারিত শর্তে একটি গাড়ি, জিপ বা মাইক্রোবাস শুল্ক, ভ্যাট ও অন্যান্য কর ছাড়াই আমদানি করা যায়। পাঁচ বছর পর একই শর্তে পুনরায় গাড়ি আমদানির সুযোগও রয়েছে।
ভ্রমণ সুবিধার ক্ষেত্রে সংসদ অধিবেশন, কমিটির সভা ও সরকারি দায়িত্ব পালনের কাজে যাতায়াতের জন্য আলাদা ভাতা দেওয়া হয়। রেল, বিমান বা নৌপথে ভ্রমণে সর্বোচ্চ শ্রেণির ভাড়ার দেড় গুণ পর্যন্ত ভাতা পাওয়া যায়। সড়কপথে কিলোমিটারপ্রতি নির্ধারিত হারে ভাতা দেওয়া হয়। এছাড়া দেশের অভ্যন্তরে যাতায়াতের জন্য বছরে ১ লাখ ২০ হাজার টাকা ভ্রমণ ভাতা বা সমমূল্যের ট্রাভেল পাস সুবিধা রয়েছে।
দায়িত্বস্থলে অবস্থানের ক্ষেত্রে সংসদ সদস্যরা দৈনিক ৭৫০ টাকা ভাতা ও ৭৫ টাকা যাতায়াত ভাতা পান। সংসদ অধিবেশন বা কমিটির সভায় উপস্থিতির ভিত্তিতে প্রতিদিন ৮০০ টাকা দৈনিক ভাতা এবং ২০০ টাকা যাতায়াত ভাতা নির্ধারিত রয়েছে।
চিকিৎসা সুবিধার ক্ষেত্রে সংসদ সদস্য ও তাদের পরিবার সরকারি প্রথম শ্রেণির কর্মকর্তাদের সমমানের চিকিৎসা সুবিধা ভোগ করেন। পাশাপাশি মাসিক ৭০০ টাকা চিকিৎসা ভাতা দেওয়া হয়।
নিরাপত্তা বিবেচনায় সংসদ সদস্যদের জন্য ১০ লাখ টাকার বীমা সুবিধা রাখা হয়েছে। দায়িত্ব পালনকালে দুর্ঘটনায় মৃত্যু বা স্থায়ী পঙ্গুত্ব হলে এ বীমা কার্যকর হয়।
এছাড়া প্রত্যেক সংসদ সদস্য বছরে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত একটি ঐচ্ছিক অনুদান তহবিল ব্যবহার করতে পারেন, যা নির্ধারিত নিয়মে ব্যয় করতে হয়। টেলিযোগাযোগ সুবিধা হিসেবে সরকারি খরচে বাসভবনে একটি টেলিফোন সংযোগ এবং মাসিক ৭ হাজার ৮০০ টাকা কল ও ভাড়া বাবদ প্রদান করা হয়।
আইন অনুযায়ী, সংসদ সদস্যদের প্রাপ্য ভাতাগুলো আয়করমুক্ত। অর্থাৎ এসব ভাতার ওপর কোনো আয়কর আরোপ করা হয় না।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি