ঢাকা, রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

কাউন্দিয়া-মিরপুর ব্রিজ শিগগিরই নির্মাণ করা হবে: তারেক রহমান

২০২৬ ফেব্রুয়ারি ০৮ ২১:০৪:০৯

কাউন্দিয়া-মিরপুর ব্রিজ শিগগিরই নির্মাণ করা হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সঙ্গে যোগাযোগ বাড়াতে এবং কাউন্দিয়া ইউনিয়নের মানুষের জীবনমান উন্নয়নে তুরাগ নদীর উপর কাউন্দিয়া-মিরপুর ব্রিজ শিগগিরই নির্মাণ করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, নির্বাচিত হয়ে সরকার গঠনের পর ঢাকার প্রতিটি আসনে একটি করে সরকারি হাসপাতাল গড়ে তোলা হবে।

রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনি পথসভায় এসব প্রতিশ্রুতি দেন তারেক রহমান। একই অনুষ্ঠানে তিনি ঢাকা-৪ আসনের ধানের শীষের প্রার্থী সানজিদা ইসলাম তুলীর হাতে ধানের শীষ তুলে দেন।

পথসভায় তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, সবার বিনীত অনুরোধ, সবাই সজাগ থাকবেন। দীর্ঘদিন পর আমাদের অধিকার আদায়ের সুযোগ এসেছে। ভোটের মাধ্যমে আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। তবে সতর্ক থাকতে হবে যেন কেউ আপনার ভোটকে ব্যাহত করতে না পারে। এবার আপনারা আপনার অধিকার আদায় করবেন এবং ধানের শীষের পক্ষে ভোট দিন। আমাদের দেশকে এগিয়ে নিতে ধানের শীষের বিকল্প নেই।

তারেক রহমান বলেন, আমরা লক্ষ্য করেছি, শিক্ষিত যুবক-যুবতীরা বেকার। এজন্য প্রতিটি এলাকায় একটি করে আইটি ইনস্টিটিউট ও টেকনিক্যাল সেন্টার গড়ে তুলব। শিক্ষিত, অর্ধশিক্ষিত এবং কম শিক্ষিত সবাই সেখানে দক্ষতা অর্জন করবে। এই প্রশিক্ষণের মাধ্যমে এলাকার যুবকরা কর্মসংস্থানের সুযোগ পাবেন।

নারী ক্ষমতায়নের গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, দেশকে উন্নত করতে হলে নারীদের স্বাবলম্বী করতে হবে। এজন্য আমরা একটি প্রজেক্ট হাতে নিয়েছি। এতে নারীদের মাসিক ভাতা দেওয়া হবে, যা তাদের অর্থনৈতিক স্বাবলম্বীতায় সাহায্য করবে।

তারেক রহমান আরও বলেন, আজ আমরা আপনাদের হাতে এমন একজন প্রার্থী তুলে দিয়েছি, যে সাধারণ মানুষের কষ্ট বুঝতে পারে। তুলির নির্বাচিত হলে প্রতিটি এলাকার মানুষের ভোগান্তি কমাতে আমাদের লক্ষ্য বাস্তবায়ন হবে। প্রতিটি এলাকায় একটি করে হাসপাতাল নির্মাণ করা হবে, যেখানে উন্নত চিকিৎসা সেবা প্রদান করা হবে।

তিনি শেষ করেন, আমরা এমন প্রতিশ্রুতি দিতে চাই যা বাস্তবায়নযোগ্য। আমরা আমাদের সাধ্য অনুযায়ী, আল্লাহর রহমতে, এই প্রতিশ্রুতি পূরণ করব। তুলিসহ বিএনপির নেতৃবৃন্দ আপনার পাশে থাকবেন এবং দায়িত্ব গ্রহণ করবেন।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত