ঢাকা, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

সরকারি প্রতিষ্ঠানে কোনো দুর্নীতি বরদাশত করা হবে না: প্রধান উপদেষ্টা

২০২৬ ফেব্রুয়ারি ০৫ ২১:২৮:২৯

সরকারি প্রতিষ্ঠানে কোনো দুর্নীতি বরদাশত করা হবে না: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: সরকারি সেবা প্রদান ও রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠানে আর কোনো দুর্নীতি বরদাশত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, সরকারি ব্যবস্থাপনা ও দক্ষতা এমন উচ্চতায় নিয়ে যেতে হবে যাতে সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়িত হয় এবং ফাইল আটকে রাখার সংস্কৃতি চিরতরে বন্ধ হয়।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে প্রশিক্ষণ প্রতিষ্ঠানের কার্যক্রম ও প্রাতিষ্ঠানিক মূল্যায়ন সংক্রান্ত একটি প্রতিবেদন হস্তান্তরকালে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিট (জিআইইউ) এই প্রতিবেদনটি তৈরি করেছে।

প্রধান উপদেষ্টা বলেন, ‘আমাদের লক্ষ্য একটাই—নাগরিককে সেবার জন্য সরকারের কাছে দৌড়াতে হবে না, বরং সরকারের সেবা পৌঁছে যাবে নাগরিকের দোরগোড়ায়। প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোতে এমনভাবে পাঠদান করতে হবে যাতে সরকারি কর্মকর্তারা দুর্নীতির বিরুদ্ধে আপসহীন থাকেন।’

জনপ্রশাসনের মানোন্নয়নে গত ১০ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার দেওয়া নির্দেশনার পরিপ্রেক্ষিতে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর সহায়তায় এই মূল্যায়ন কার্যক্রম পরিচালিত হয়। প্রাথমিকভাবে বিপিএটিসি, বিসিএস প্রশাসন একাডেমি, বিয়াম ফাউন্ডেশন, নাডা (NADA) এবং এনএপিডি (NAPD)—এই পাঁচটি প্রশিক্ষণ প্রতিষ্ঠানকে এই মূল্যায়নের আওতায় আনা হয়েছে।

প্রশিক্ষণ পদ্ধতির আধুনিকায়ন প্রসঙ্গে ড. ইউনূস বলেন, মান্ধাতা আমলের গৎবাঁধা পদ্ধতি বাদ দিয়ে প্রশিক্ষণকে ‘প্রবলেম সলভিং’ বা সমস্যা সমাধানমূলক হতে হবে। তিনি কর্মকর্তাদের মূল্যায়নে নম্বর ও উদ্দীপনা (ইনসেনটিভ) দেওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর মধ্যে ‘র‍্যাংকিং’ করার প্রস্তাব দেন। এছাড়া এসব প্রতিষ্ঠানে বেসরকারি খাতের কর্মীরাও যেন গর্বের সঙ্গে প্রশিক্ষণ নিতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

প্রতিবেদন হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত কমিটির সদস্যরা জানান, বাংলাদেশে এই ধরনের প্রাতিষ্ঠানিক মূল্যায়ন এটিই প্রথম। একাডেমিয়া ও সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত কমিটির সুপারিশ বাস্তবায়িত হলে সরকারি কর্মচারীদের দক্ষতা ও জনসেবার মান বহুগুণ বাড়বে বলে আশা করা হচ্ছে।

বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়া, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব সাইফুল্লাহ পান্না এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত