×

ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

১২ দেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা

২০২৬ অক্টোবর ২০ ১৮:০৬:০২

১২ দেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে আঞ্চলিক উত্তেজনা বাড়তে থাকায় ওই অঞ্চলের ১২টি দেশ ভ্রমণের বিষয়ে নিজেদের নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা বা ‘রেড অ্যালার্ট’ জারি করেছে যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলো। মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা ও অবকাঠামোতে সম্ভাব্য হামলার ঝুঁকি বিবেচনায় এ সতর্কবার্তা দেওয়া হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন দূতাবাসগুলোর পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে এ সতর্কতা জারি করা হয়।

বিবৃতিতে স্বাক্ষর করেছেন ইসরায়েল, সৌদি আরব, ইরাক, লেবানন, জর্ডান, কাতার, বাহরাইন, কুয়েত, ওমান, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন ও ইরানে অবস্থিত মার্কিন দূতাবাসের প্রধানেরা।

বিবৃতিতে বলা হয়েছে, সংঘাত, ফ্লাইট বাতিল এবং আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় আপাতত এসব দেশ ভ্রমণ থেকে যুক্তরাষ্ট্রের নাগরিকদের বিরত থাকতে উৎসাহিত করা হচ্ছে। ইয়েমেনের হুতি বাহিনী ও ইরানকে ঘিরে সামরিক উত্তেজনা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হয়েছে।

১২টি দেশকে অন্তর্ভুক্ত করে দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, ‘শত্রুতা দ্রুত ওই তাৎক্ষণিক এলাকার বাইরে ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।’ এ পরিস্থিতিতে নাগরিকদের আগাম জরুরি পরিকল্পনা বা ‘কন্টিনজেন্সি প্ল্যান’ তৈরি রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও সতর্ক করা হয়েছে, ‘ইরান এবং ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো বিদেশে অবস্থিত মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থান বা বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্র ও আমেরিকানদের সঙ্গে যুক্ত বিভিন্ন স্থাপনাকে (এর মধ্যে মার্কিন ব্যবসা প্রতিষ্ঠান ও অন্যান্য সংস্থা) লক্ষ্যবস্তু করতে পারে।’

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত