×

ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

দুর্গাপূজায় ৬৮০ পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার ও আর্থিক সহায়তা

২০২৬ অক্টোবর ১৯ ১৯:১৩:৪৬

দুর্গাপূজায় ৬৮০ পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার ও আর্থিক সহায়তা

নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) তেলেগু ও কানপুরী সম্প্রদায়ের পরিচ্ছন্নতাকর্মীদের ৬৮০টি পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে। পাশাপাশি, দুই সম্প্রদায়ের পূজা উদযাপন কমিটিকে দেওয়া হয়েছে বিশেষ আর্থিক অনুদান। সোমবার (১৯ অক্টোবর) দয়াগঞ্জে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম এসব উপহার ও অনুদান বিতরণ করেন।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সোমবার সকালে ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন অনুষ্ঠানের সময় দুর্গাপূজার বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। এরপরই তিনি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও ডিএসসিসি প্রশাসককে পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে পূজার আনন্দ ভাগ করে নেওয়ার নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর সেই নির্দেশনা অনুযায়ী তাঁরা দয়াগঞ্জের পরিচ্ছন্নতাকর্মী নিবাসে উপস্থিত হয়েছেন।

মীর শাহে আলম বলেন, তেলেগু ও কানপুরী সম্প্রদায়ের মানুষের সবচেয়ে বড় পরিচয় তাঁরা বাংলাদেশি। পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করার কারণে তাঁদের অন্য কোনো পরিচয়ে সামাজিকভাবে কিংবা সুযোগ-সুবিধা পাওয়ার ক্ষেত্রে বঞ্চিত করা যাবে না। বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী জাতিগত বা সামাজিক বিভেদে বিশ্বাস করেন না। শহীদ প্রেসিডেন্টের ‘সকল নাগরিকের সমান অধিকার’ আদর্শে সরকার বিশ্বাসী। অতীতে কোনো মন্ত্রী পরিচ্ছন্নতাকর্মীদের আবাসনে গিয়ে তাঁদের সঙ্গে সরাসরি কথা বলেননি বলেও উল্লেখ করেন তিনি। বর্তমান সরকার সেই উদ্যোগ বাস্তবায়ন করছে।

প্রতিমন্ত্রী আরও ঘোষণা দেন, তেলেগু ও কানপুরী সম্প্রদায়ের যোগ্য ও সক্ষম বেকারদের সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রমে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ডিএসসিসির প্রস্তাবিত ১৭টি আবাসিক ভবন নির্মাণের বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এনে দ্রুত বাস্তবায়নের আশ্বাসও দেন তিনি।

পরিচ্ছন্নতাকর্মীদের সামাজিক সুযোগ-সুবিধা ও উৎসব পালনের সুযোগ নিশ্চিত করে তাঁদের সঙ্গে আত্মিক সম্পর্ক গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন মীর শাহে আলম। একই সঙ্গে ঢাকাকে পরিচ্ছন্ন রাখতে কর্মীদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম বলেন, পরিচ্ছন্নতাকর্মীদের আবাসন সমস্যা স্থায়ীভাবে সমাধানে ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য একটি স্থানে দুটি এবং অন্য স্থানে ১৭টি ভবন নির্মাণের প্রস্তাব রয়েছে। সরকার এ উদ্যোগ বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছে। বর্তমান আবাসনের জরাজীর্ণ অবস্থা দূর করতে দ্রুত নতুন ভবন নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

মো. আব্দুস সালাম আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর পরিচ্ছন্নতাকর্মীদের জন্য বিনা মূল্যে চিকিৎসাসেবা ও স্বাস্থ্যবিমার ব্যবস্থা চালু করা হয়েছে। কর্মরত অবস্থায় দুর্ঘটনায় কোনো পরিচ্ছন্নতাকর্মী নিহত হলে তাঁর পরিবারকে এককালীন ৪ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে। এ ছাড়া কর্মীদের দীর্ঘদিনের পানির সমস্যা সমাধান এবং তাঁদের জন্য একটি মন্দির নির্মাণ করে দেওয়ার আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, সাবেক কাউন্সিলর হাজী মকবুল ইসলাম খান টিপু এবং তেলেগু ও কানপুরী সম্প্রদায়ের নেতা ও পরিচ্ছন্নতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ