ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
প্রধানমন্ত্রীর সফর ঘিরে বর্ণিল সাজে চট্টগ্রাম, নতুন রূপে জে এম সেন হল
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফরকে সামনে রেখে নতুন সাজে প্রস্তুত করা হয়েছে ব্রিটিশবিরোধী আন্দোলনের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক জে এম সেন হলের চত্বর। মাত্র চার দিন আগেও কিছুটা বিবর্ণ থাকা প্রাঙ্গণটি এখন পরিচ্ছন্ন ও নান্দনিক রূপ পেয়েছে।
প্রধানমন্ত্রীকে বরণ করতে পুরো বন্দরনগরীকে পরিচ্ছন্ন, সবুজ ও আধুনিক করে সাজানোর উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। নগরীর সৌন্দর্যবর্ধনসহ সফর ঘিরে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সার্বিক প্রস্তুতি এবং জে এম সেন হলের সৌন্দর্যবর্ধনের কাজ পরিদর্শনকালে এসব কথা জানান চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।
মেয়র বলেন, চার দিন আগের জে এম সেন হলের সঙ্গে বর্তমান চিত্রের ব্যাপক পার্থক্য রয়েছে। সিটি করপোরেশনের নিরলস প্রচেষ্টায় প্রাঙ্গণটিকে দৃষ্টিনন্দন করে তোলা হয়েছে। প্রধানমন্ত্রী সেখানে পা রাখার সঙ্গে সঙ্গে যেন চট্টগ্রামের ঐতিহ্য, ইতিহাস ও সংস্কৃতির আকর্ষণীয় রূপ দেখতে পান, সেই লক্ষ্যেই সাজসজ্জার কাজ করা হয়েছে।
চট্টগ্রামের গৌরবময় অতীত তুলে ধরে ডা. শাহাদাত হোসেন বলেন, যাত্রা মোহন সেনগুপ্ত, যতীন্দ্র মোহন সেনগুপ্ত, সূর্য সেন ও মহিমচন্দ্র দাসের মতো প্রখ্যাত বিপ্লবীদের স্মৃতিবিজড়িত নিদর্শনগুলো একসময় অবহেলায় পড়ে ছিল। নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে এসব ঐতিহাসিক স্থাপনা সংস্কার করা হয়েছে এবং সেগুলোকে নান্দনিকভাবে উপস্থাপন করা হয়েছে।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে শুধু একটি এলাকা নয়, যাতায়াতের পুরো পথই পরিচ্ছন্ন ও ঝকঝকে করা হয়েছে। বিমানবন্দর সড়ক থেকে ভিআইপি সড়ক পর্যন্ত বিভিন্ন স্থানে বিশেষ সংস্কার ও পরিচ্ছন্নতা অভিযান চলছে। সড়কের দুই পাশ থেকে অপসারণ করা হয়েছে সব ধরনের অবৈধ ব্যানার ও ফেস্টুন। পাশাপাশি নবনির্মিত সাইকেল ট্র্যাক, বোট ক্লাব সড়ক এবং নগরীর প্রধান সড়কগুলোতে বর্ষা-পরবর্তী উন্নয়ন প্রকল্পের কাজও দৃশ্যমান হয়েছে।
প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যেও বিশেষ উদ্দীপনা দেখা যাচ্ছে বলে জানান মেয়র। তিনি বলেন, চট্টগ্রামের সব শ্রেণি-পেশার মানুষ, বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী মা-বোনেরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সবার স্বতঃস্ফূর্ত সহযোগিতা ও অংশগ্রহণে সফরটি ঐতিহাসিক ও উৎসবমুখর আয়োজনে পরিণত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
নগরীর জনপ্রিয় এলাকা জামালখানের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও কথা বলেন ডা. শাহাদাত হোসেন। তিনি জানান, নগরবাসীর অবসর কাটানোর প্রিয় এই স্থানকে আরও জনবান্ধব, আকর্ষণীয় ও সুশৃঙ্খল করে গড়ে তুলতে বিশেষ পরিকল্পনার রূপরেখা নেওয়া হয়েছে।
পরিদর্শনকালে চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন শামীম মোহাম্মদ খান, প্রধান প্রকৌশলী আনিসুর রহমানসহ সংস্থাটির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- ক্যাম্পাসে পশু জবাইয়ে নিষেধাজ্ঞার প্রতিবাদে জবিতে গরু ভোজের ঘোষণা