×

ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্যের ঘাটতি ছিল, ব্যাখ্যা চেয়েছে ঢাকা

২০২৬ অক্টোবর ১৯ ১৫:৫০:৩৯

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্যের ঘাটতি ছিল, ব্যাখ্যা চেয়েছে ঢাকা

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় দুই দেশের মধ্যে তথ্য আদান-প্রদানে ঘাটতি ছিল বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে তিনি জানান, এর বিস্তারিত জানতে সৌদি আরবের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।

সোমবার (১৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

হুমায়ুন কবির বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো ও গভীর। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বর্তমান সরকারের সঙ্গে দেশটির সম্পর্ক ঐতিহাসিক। ভবিষ্যতে এ সম্পর্ক আরও উচ্চতায় পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ ও সৌদি আরব উভয়ই জেনেভা কনভেনশনে স্বাক্ষরকারী দেশ। এ ধরনের ঘটনায় দুই পক্ষের মধ্যে তথ্য বিনিময় ও যোগাযোগ থাকার কথা। কিন্তু এ ক্ষেত্রে কেন তথ্যের ঘাটতি দেখা দিয়েছে, তা জানতে সৌদি আরবের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘এখানে একটা তথ্যের ঘাটতি ছিল, প্রক্রিয়ায় কোনো এক জায়গায় একটা ত্রুটি আছে। এটা খতিয়ে দেখার জন্য দুই পক্ষের মধ্যে কথাবার্তা বলছি।’

ঘটনাটিকে অত্যন্ত হতাশাজনক ও দুঃখজনক বলে উল্লেখ করেন হুমায়ুন কবির। তাঁর ভাষায়, ‘এটা যদি হয়ে থাকে, তাহলে স্বাভাবিকভাবে এটা অত্যন্ত হতাশাজনক এবং দুঃখজনক এবং কোনোভাবেই গ্রহণযোগ্য না।’

মৃত্যুদণ্ড কার্যকরের পর ব্লাড মানি বা ক্ষতিপূরণের বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া সম্ভব কি না, জানতে চাইলে তিনি বলেন, মৃত্যুদণ্ড কার্যকর হয়ে যাওয়ায় এখন আর সেই সুযোগ নেই। বরং তথ্যের ঘাটতি ঠিক কোথায় হয়েছে, তা খতিয়ে দেখা হবে।

নিহত দুই বাংলাদেশির পরিচয় এবং তাঁরা স্বামী-স্ত্রী ছিলেন কি না, এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সংবাদপত্রের প্রতিবেদনে তাঁদের বাংলাদেশি হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে তাঁদের বিষয়ে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

হুমায়ুন কবির বলেন, কোনো দেশের নাগরিক অন্য দেশে অপরাধের অভিযোগে আটক হলে সংশ্লিষ্ট দেশ থেকে সেই তথ্য জানানোর প্রত্যাশা থাকে। এতে আটক ব্যক্তির নিজ দেশ কনস্যুলার সেবা দিতে পারে এবং বিষয়টি পর্যবেক্ষণের সুযোগ পায়। সৌদি আরবের কাছ থেকেও বাংলাদেশের এমন প্রত্যাশা ছিল।

তিনি আরও বলেন, কোনো অপরাধ সংঘটিত হয়ে থাকলে সংশ্লিষ্ট দেশের আইন অনুযায়ী বিচারপ্রক্রিয়া চলতে পারে। তবে এ ঘটনায় তথ্য আদান-প্রদান, যোগাযোগ ও প্রক্রিয়াগত ঘাটতি কোথায় ছিল, তা স্পষ্ট করা জরুরি। এ বিষয়েই সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে।

এর আগে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় বিষয়ক সচিব মো. নজরুল ইসলাম ঢাকায় সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন জাফর এইচ. বিন আবিয়াহর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে বিস্তারিত তথ্য চাওয়া হয়। এ সময় সৌদি সরকারকে পাঠানো আগের একটি কূটনৈতিক পত্রের অনুলিপিও রাষ্ট্রদূতের কাছে হস্তান্তর করা হয়।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত