×

ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

বাংলাদেশি জাতীয়তাবাদে সব সম্প্রদায়ের সমান অধিকার নিশ্চিত: রিজভী

২০২৬ অক্টোবর ১৯ ১৩:২২:৩৪

বাংলাদেশি জাতীয়তাবাদে সব সম্প্রদায়ের সমান অধিকার নিশ্চিত: রিজভী

নিজস্ব প্রতিবেদক: দুর্গাপূজা উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতির আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রবর্তিত ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ এমন এক বাগানের মতো, যেখানে নানা রং ও জাতের ফুল একসঙ্গে বিকশিত হয়। সেখানে প্রতিটি সম্প্রদায়ের জন্য নিজস্ব অবস্থান অক্ষুণ্ন রয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, উৎসব কখনো কোনো বিশেষ ধর্মীয় বা সামাজিক গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকে না। এর সর্বজনীন আবেদন সব সম্প্রদায়ের মানুষকে একসূত্রে বাঁধে এবং পরস্পরের ভাই হিসেবে একসঙ্গে বসবাসের প্রেরণা দেয়। সমাজে থাকা অসত্য ও দানবীয় শক্তির বিনাশ ঘটিয়ে সত্য, ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা করাই দুর্গাপূজার মূল শিক্ষা।

সাম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্ব তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ধর্মীয় বিশ্বাস ব্যক্তিগত বিষয় হলেও রাষ্ট্রের নাগরিক হিসেবে সবার অধিকার সমান। প্রত্যেকে যাতে নিজ নিজ ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে, নিরাপদে ও নির্বিঘ্নে উদ্‌যাপন করতে পারেন, তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

বিএনপি সরকারের বিভিন্ন উদ্যোগ ও প্রতিশ্রুতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের দাবির পরিপ্রেক্ষিতে পূজার ছুটি বাড়ানো, পূজামণ্ডপের জন্য বরাদ্দ বৃদ্ধি এবং পুরোহিত ও সেবায়েতদের সম্মানী দেওয়ার বিষয়গুলো বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশের হাজার বছরের সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য তুলে ধরে রিজভী বলেন, শত শত বছর ধরে এ দেশের মানুষ একই পোশাক, ভাষা ও লোকজ সংস্কৃতির অংশ হয়ে মিলেমিশে বসবাস করছে। দেশের অসাম্প্রদায়িক ঐতিহ্য নষ্ট করতে দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র হতে পারে। তবে ধর্মপ্রাণ ও অসাম্প্রদায়িক মানুষ কখনো এসব চক্রান্ত সফল হতে দেবে না।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দেবাশীষ পাল, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুর রহমান, ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ হিন্দু ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত