×

ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

পদত্যাগের ঘোষণা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

২০২৬ অক্টোবর ১৯ ১২:০০:১১

পদত্যাগের ঘোষণা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

নিজস্ব প্রতিবেদক: অস্ত্র হাতে ‘মাদকবিরোধী অভিযান’ নিয়ে বিতর্কের মধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন। সোমবার সকালে নিজের ফেসবুক পোস্টে এ কথা জানান অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের শেষ মেয়র সাদেক হোসেন খোকার বড় ছেলে।

এর আগে রোববার রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। তবে ওই খবরকে গুজব বলে দাবি করেছিলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তাঁর প্রেস কর্মকর্তাও সংবাদটিকে অসত্য ও বিভ্রান্তিকর উল্লেখ করে প্রতিবাদ জানিয়েছিলেন।

কিন্তু সোমবার সকালে ইশরাক হোসেন নিজেই পদত্যাগের ঘোষণা দেওয়ার পর বিষয়টি নিয়ে বক্তব্য দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে শফিকুল আলম জানান, রোববার প্রধানমন্ত্রী ইশরাক হোসেনকে ডেকে পাঠান। তাঁকে মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত না থাকার নির্দেশ দেওয়ার পাশাপাশি পদত্যাগপত্রও চাওয়া হয়। এরপর ইশরাক প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তার কক্ষে যান। ওই কর্মকর্তার সহায়তায় সেখানে তাঁর পদত্যাগপত্রের খসড়া তৈরি করা হয়। গত রাতে এসব তথ্য নিশ্চিত করা সম্ভব হয়েছিল বলে জানান শফিকুল আলম।

তিনি আরও বলেন, এরপর থেকেই পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিতে শুরু করে। তাঁর মনে হচ্ছিল, ইশরাক সিদ্ধান্ত পরিবর্তনের জন্য জোর চেষ্টা চালাচ্ছেন। প্রধানমন্ত্রী দিনভর ব্যস্ত ছিলেন এবং রাত ১১টার দিকে দিনের কাজ শেষ করেন। তা সত্ত্বেও কেউ কেউ আশা করছিলেন, প্রধানমন্ত্রী হয়তো সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করবেন। তবে শফিকুল আলমের ভাষ্য, তারেক রহমান কম কথা বলেন এবং আবেগ প্রকাশের ক্ষেত্রেও সংযত।

শফিকুল আলমের আশঙ্কা, রোববার রাতে ইশরাক হোসেনের প্রেস কর্মকর্তার দেওয়া বিবৃতিটি ঘটনাকে অন্য দিকে নেওয়ার শেষ মুহূর্তের প্রচেষ্টা বলে মনে হচ্ছে। তিনি আরও বলেন, কয়েক দিন আগে ফেরদৌসী মিষ্টি যেমনটি বুঝতে পেরেছিলেন, প্রধানমন্ত্রী একবার সিদ্ধান্ত নিলে তা থেকে সরে আসার আর কোনো সুযোগ থাকে না।

উল্লেখ্য, প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ কিংবা তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়ার বিষয়ে প্রচারিত খবর সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছিলেন তাঁর প্রেস কর্মকর্তা। রোববার রাতে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত