×

ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

দুই বছরের মধ্যে ডিজিটাল নেটওয়ার্কে আসবে সব বিশ্ববিদ্যালয়: ইউজিসি চেয়ারম্যান

২০২৬ অক্টোবর ১৮ ১৮:১৭:১১

দুই বছরের মধ্যে ডিজিটাল নেটওয়ার্কে আসবে সব বিশ্ববিদ্যালয়: ইউজিসি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক: আগামী দুই বছরের মধ্যে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। একই সঙ্গে আগামী পাঁচ বছরের মধ্যে সব বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপ বাধ্যতামূলক করা এবং ভর্তি থেকে সনদ সংগ্রহ পর্যন্ত শিক্ষার্থীদের বিভিন্ন সেবা প্রযুক্তিনির্ভর করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

রোববার (১৮ অক্টোবর) ঢাকার আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে ‘উচ্চশিক্ষা ব্যবস্থাপনার ডিজিটাল রূপান্তর’ শীর্ষক পরামর্শক কর্মশালায় এসব পরিকল্পনার কথা জানান ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

তিনি বলেন, আগামী দুই বছরের মধ্যে সব বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয় নেটওয়ার্ক, উচ্চগতির ওয়াই-ফাই ও সহায়তাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য রয়েছে। এর মাধ্যমে ডিজিটাল শ্রেণিকক্ষ চালুর পাশাপাশি ধাপে ধাপে বিশ্ববিদ্যালয়গুলোকে ডিজিটাল ক্যাম্পাসে রূপান্তর করতে চায় ইউজিসি।

এ পরিকল্পনার আওতায় শিক্ষার্থীদের ভর্তি, ফি পরিশোধ, আবাসিক হলের আসনসংক্রান্ত তথ্য এবং একাডেমিক ও প্রশাসনিক সেবা অনলাইনে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন ইউজিসি চেয়ারম্যান। তিনি জানান, শিক্ষার্থীরা যেন ঘরে বসেই ভর্তির আবেদন করতে, ফি জমা দিতে এবং হলের আসনসংক্রান্ত তথ্য জানতে পারেন, সেই ব্যবস্থা চালু করা হবে। পড়াশোনা শেষে সনদ সংগ্রহের জন্যও যেন বারবার বিশ্ববিদ্যালয়ে গিয়ে আবেদন ও ফি জমা দিতে না হয়, সে লক্ষ্যে অনলাইন সেবা চালুর পরিকল্পনা রয়েছে।

শিক্ষার্থীদের কর্মক্ষেত্রের অভিজ্ঞতা বাড়াতে আগামী পাঁচ বছরের মধ্যে সব বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপ বাধ্যতামূলক করার পরিকল্পনার কথাও জানান অধ্যাপক ড. মামুন আহমেদ। এ জন্য একটি অনলাইন প্ল্যাটফর্ম তৈরির উদ্যোগ বিবেচনা করছে ইউজিসি।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলো তাদের বিভাগ ও শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী ইন্টার্নশিপের চাহিদা জানাবে। অন্যদিকে শিল্পপ্রতিষ্ঠান, সেবামূলক প্রতিষ্ঠান ও সরকারি দপ্তরগুলো কতজন শিক্ষার্থীকে ইন্টার্নশিপের সুযোগ দিতে পারবে, তা জানাবে। দুই পক্ষের মধ্যে সমন্বয়ের দায়িত্ব পালন করবে ইউজিসি।

বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও দক্ষ জনবলের সংকট কমাতেও ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা রয়েছে বলে জানান ইউজিসি চেয়ারম্যান। তিনি বলেন, কিছু বিশ্ববিদ্যালয়ে কম্পিউটারবিজ্ঞানের মতো বিষয়ে প্রয়োজনীয়সংখ্যক যোগ্য শিক্ষক নেই। এ পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষকদের ক্লাসে অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যুক্ত করার উদ্যোগ নেওয়া যেতে পারে। পাশাপাশি বিদেশে কর্মরত বাংলাদেশি শিক্ষকদের অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগানোর বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসনিক কাজ সহজ ও গতিশীল করতে সমন্বিত সফটওয়্যার এবং অনলাইন প্ল্যাটফর্ম তৈরির ওপর জোর দেন অধ্যাপক ড. মামুন আহমেদ। এসব ব্যবস্থার মাধ্যমে ভর্তি, হিসাব, শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থী ব্যবস্থাপনা এবং বৃত্তিসংক্রান্ত কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, একটি প্ল্যাটফর্ম ব্যবহার করেই যেন উপাচার্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও প্রতিষ্ঠানের কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করতে পারেন, সেই ব্যবস্থা গড়ে তোলার কথা ভাবা হচ্ছে। একই সঙ্গে রেজিস্ট্রার ও হিসাব বিভাগের কার্যক্রম আরও দক্ষভাবে পরিচালনার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

তবে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদাভাবে একই ধরনের সফটওয়্যার তৈরি না করে বিদ্যমান ব্যবস্থাগুলো কীভাবে সমন্বিতভাবে কাজে লাগানো যায়, সে বিষয়ে তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের পরামর্শ চান ইউজিসি চেয়ারম্যান। তাঁর মতে, পূর্ণাঙ্গ ডিজিটাল রূপান্তর নিশ্চিত করতে হার্ডওয়্যার, নেটওয়ার্ক, তথ্য সংরক্ষণব্যবস্থা ও সফটওয়্যারের সমন্বিত উন্নয়ন প্রয়োজন।

কর্মশালায় ইউজিসির সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব ও অধ্যাপক ড. আসলাম হোসেন এবং হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান বক্তব্য দেন। এতে বিশ্ববিদ্যালয়গুলোর তথ্যপ্রযুক্তি-সংশ্লিষ্ট শিক্ষক ও গবেষক এবং ইউজিসি ও হিট প্রকল্পের কর্মকর্তারা অংশ নেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (১৮ অক্টোবর)

আজকের বাজারে স্বর্ণের দাম (১৮ অক্টোবর)

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে স্বর্ণ ও রুপার দাম কমানোর পর বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নির্ধারিত মূল্যেই বিক্রি হচ্ছে এসব মূল্যবান... বিস্তারিত