×

ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

এমপিদের মনোনীত প্রকল্পে ৩২৯ কোটি টাকা বরাদ্দ

২০২৬ অক্টোবর ১৮ ১৪:৪৭:১০

এমপিদের মনোনীত প্রকল্পে ৩২৯ কোটি টাকা বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক: ২০২৬-২৭ অর্থবছরে সংসদ সদস্যদের (এমপি) মনোনীত প্রকল্প বাস্তবায়নে পরিবহন উন্নয়ন সহায়তা খাতে ৩২৯ কোটি টাকা বরাদ্দ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। দেশের ৩ হাজার ২৫৩টি ইউনিয়ন পরিষদের অনুকূলে এ অর্থ বরাদ্দ করা হয়েছে। গত ১৩ অক্টোবর স্থানীয় সরকার বিভাগের উপজেলা পরিষদ-২ শাখা থেকে জারি করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

বরাদ্দের অর্থ ছাড়, ব্যবহার ও হিসাব সংরক্ষণের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ইউনিয়ন পরিষদগুলোর জন্য পরিবহন উন্নয়ন সহায়তা খাতে বরাদ্দ দেওয়া ৩২৯ কোটি টাকা নির্ধারিত উন্নয়ন কার্যক্রমেই ব্যয় করতে হবে।

অর্থ ছাড়ের জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিস্বাক্ষরসহ বিল উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কাছে জমা দিতে হবে। এরপর প্রচলিত আর্থিক বিধিবিধান মেনে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের ব্যাংক হিসাবে অর্থ স্থানান্তরের ব্যবস্থা নেওয়া হবে। বরাদ্দের অর্থ উত্তোলন ও ব্যয়ের হিসাব যৌথভাবে সংরক্ষণ করবেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তা।

নির্দেশনায় আরও বলা হয়েছে, সংসদ সদস্যদের মনোনীত প্রকল্পের ভিত্তিতেই বরাদ্দের অর্থ ব্যয় এবং প্রকল্প বাস্তবায়ন করতে হবে। এ ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা ব্যবস্থাপনা নির্দেশিকা, ২০২১, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮ এবং প্রযোজ্য আর্থিক বিধিবিধান অনুসরণ করা বাধ্যতামূলক।

বরাদ্দের অর্থ ব্যয়ে কোনো অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্ট বিল পরিশোধকারী কর্মকর্তা ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন বলে চিঠিতে সতর্ক করা হয়েছে। পাশাপাশি বরাদ্দের যে অর্থ ব্যয় হবে না, তা আগামী ৩০ জুন ২০২৭ তারিখের মধ্যে সরকারি কোষাগারে ফেরত দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বরাদ্দের অর্থ ছাড় ও ব্যবস্থাপনা কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করতে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা ও উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব আতিকুল ইসলাম স্বাক্ষরিত চিঠিটি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ

আজকের বাজারে স্বর্ণের দাম (১৮ অক্টোবর)

আজকের বাজারে স্বর্ণের দাম (১৮ অক্টোবর)

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে স্বর্ণ ও রুপার দাম কমানোর পর বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নির্ধারিত মূল্যেই বিক্রি হচ্ছে এসব মূল্যবান... বিস্তারিত