ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে নিজস্ব ঐতিহ্য চর্চার আহ্বান রিজভীর
নিজস্ব প্রতিবেদক: গত ১৬-১৭ বছরে বাংলাদেশকে একমুখী সংস্কৃতির দিকে ঠেলে দেওয়ার চেষ্টা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর অভিযোগ, এ সময়ে নীরবে সাংস্কৃতিক আগ্রাসন চালানো হয়েছে এবং রাষ্ট্রক্ষমতা জোর করে দখলে রাখা ফ্যাসিস্ট শাসনামল এ ক্ষেত্রে স্থানীয় এজেন্টের ভূমিকা পালন করেছে।
রিজভী বলেন, বাংলাদেশের ওপর বিভিন্নভাবে সাংস্কৃতিক আগ্রাসনের চেষ্টা অব্যাহত থাকবে। তবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষার অন্যতম নিশ্চয়তা হলো নিজস্ব সংস্কৃতির গভীরতা অনুধাবন করা, তা উন্মোচন করা এবং নিয়মিত চর্চা ও অনুশীলনের মাধ্যমে সমৃদ্ধ করা।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কালচার ফর ইউনিটি বাংলাদেশ আয়োজিত ‘লালনের তিরোধান দিবস–লালনের গান, মানুষের গান, মুক্তির গান’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক আব্দুস সালাম এবং বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক কাজী জেসিন বক্তব্য দেন।
সংস্কৃতিকে নিয়ন্ত্রণ ও দমিয়ে রাখা গেলে রাজনৈতিক আধিপত্য বিস্তার সহজ হয় বলে মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, সংস্কৃতিকে আগে আজ্ঞাবহ করে তুলতে পারলে রাজনৈতিক সম্প্রসারণ কঠিন থাকে না। তাঁর ভাষ্য, গত ১৬-১৭ বছরে এমনটাই ঘটেছে।
রিজভীর অভিযোগ, স্বাধীনতার কথা বললেও দিল্লির প্রতি দাসত্ব করা হয়েছে। ক্ষমতা ধরে রাখার স্বার্থে সবকিছু বিসর্জন দেওয়া হলেও স্বাধীনতার চেতনার কথা বলা হয়েছে।
তিনি আরও বলেন, একটি জাতির অন্যতম প্রধান বৈশিষ্ট্য তার সার্বভৌমত্বের শক্তি। গত ১৬-১৭ বছর ধরে বিভিন্ন অঙ্গসংগঠনের মাধ্যমে সেই সার্বভৌমত্বকে ধীরে ধীরে দুর্বল করার চেষ্টা চালানো হয়েছে।
বাংলাদেশের সিনেমা হলগুলোয় ভারতীয় সিনেমা অবাধে প্রদর্শনের সুযোগ দেওয়াকে সাংস্কৃতিক আগ্রাসনের উদাহরণ হিসেবে উল্লেখ করেন রিজভী। তাঁর মতে, দেশের সংস্কৃতি ও চলচ্চিত্রের স্বার্থ রক্ষায় এ বিষয়ে যথেষ্ট প্রতিবাদ হয়নি।
বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, পানির হিস্যা নিয়ে দেশপ্রেম থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার কারণে তাঁকে আক্রমণ করে হত্যা করা হয়েছিল। দেশের স্বার্থ, সার্বভৌমত্ব ও পানির অধিকার রক্ষার কথা বলার কারণে একজন শিক্ষার্থীকে কেন এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে, সেই প্রশ্নও তোলেন তিনি।
রিজভী বলেন, তরুণেরা সাংস্কৃতিক আগ্রাসনের বিষয়টি উপলব্ধি করতে পেরেছেন। তাঁদের মধ্যে দেশপ্রেম, জাতীয়তাবাদী চেতনা এবং নিজস্ব সংস্কৃতি নিয়ে ভাবনার বিকাশ ঘটেছে। জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই চেতনার বহিঃপ্রকাশ ঘটেছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, কোনো সরকার যখন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং অপরাধ, হত্যা, গুম ও খুনের মতো ভয়াবহ মানবতাবিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে যায়, তখন তার বিরুদ্ধে গণজাগরণ তৈরি হয়।
ভারতের এক মন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, বাংলাদেশের গণ-অভ্যুত্থানকে অন্য কোনো দেশের রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে তুলনা করা ঠিক নয়। বাংলাদেশের গণ-অভ্যুত্থান ছিল নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে জনগণের জেগে ওঠার বহিঃপ্রকাশ। বাংলাদেশের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে তিনি বলেন, নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের চর্চা বাড়ানো গেলে তা বিশ্বদরবারে দৃষ্টান্ত হয়ে উঠতে পারে।
লালন ফকিরের দর্শন ব্যাখ্যা করে রিজভী বলেন, ইউরোপের রেনেসাঁর মতো প্রাতিষ্ঠানিক ঐতিহাসিক প্রক্রিয়া বাংলাদেশে না ঘটলেও এ দেশের মাটি থেকেই মানবতা, সাম্য এবং জাতপাতের বিভেদবিরোধী দর্শনের বিকাশ হয়েছে। লালনের দর্শনে মানুষকে জানা ও নিজেকে চেনার যে আহ্বান রয়েছে, তা বাংলাদেশের নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্যের গভীরতা তুলে ধরে।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক আব্দুস সালাম বলেন, লালনের দর্শনের মূল কথা ছিল মানুষ। তিনি সারা জীবন মানুষের কল্যাণে কাজ করেছেন। বর্তমান সময়ে চারদিকে হিংসা ও হানাহানির মধ্যে লালনের সাম্য ও অহিংসার বাণী মানুষকে পথ দেখাতে পারে। লালনের অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হতে পারলেই শান্তি খুঁজে পাওয়া সম্ভব।
বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক কাজী জেসিন বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের শাসনামলে গণতন্ত্রের পাশাপাশি মানুষের সাংস্কৃতিক অধিকারও কেড়ে নেওয়া হয়েছিল। অতীতে মানুষের ওপর ভিনদেশি সংস্কৃতি চাপিয়ে দেওয়া হয়েছে। তবে শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও বিভিন্নভাবে সংস্কৃতিচর্চায় বাধা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
কাজী জেসিন বলেন, মুক্তভাবে সংস্কৃতিচর্চার সুযোগ তৈরি করে দেওয়া বর্তমান সরকারের জন্য বড় চ্যালেঞ্জ।
অনুষ্ঠানে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- আড়ংয়ে পার্টটাইম চাকরির সুযোগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- দেওয়ানি বিরোধ নিষ্পত্তির আগে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্ট