×

ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

লালনের দর্শন সম্প্রীতি ও মানবতার পথ দেখায়: খাদ্যমন্ত্রী

২০২৬ অক্টোবর ১৭ ১৮:৩৮:২৩

লালনের দর্শন সম্প্রীতি ও মানবতার পথ দেখায়: খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: লালন সাঁইয়ের দর্শনে মানুষ, মানুষের মর্যাদা ও মানুষের প্রতি ভালোবাসা ছিল মুখ্য। তিনি শুধু বাউল সাধক নন, মানবতার সাধক, অসাম্প্রদায়িক চেতনার পথপ্রদর্শক এবং সম্প্রীতির অনন্য কণ্ঠস্বর। খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা এসব কথা বলেছেন।

শনিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি। জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

আফরোজা খানম বলেন, ধর্ম, বর্ণ ও পরিচয়ের বিভেদ পেরিয়ে মানুষের মধ্যে মিলনের বার্তা দিয়েছেন লালন সাঁই। তাঁর দর্শন মানুষকে শিখিয়েছে, মনুষ্যত্বই মানুষের সবচেয়ে বড় পরিচয়। বর্তমান পৃথিবীতে লালনের এই চিন্তা আরও বেশি প্রাসঙ্গিক। এমন সমাজ গড়ে তোলা প্রয়োজন, যেখানে পরিচয়ের কারণে কেউ অবহেলার শিকার হবে না, ধর্মের কারণে বৈষম্যের মুখে পড়বে না। মানুষের পারস্পরিক সম্পর্কের ভিত্তি হবে ঘৃণার পরিবর্তে ভালোবাসা। তিনি সাম্য, সম্প্রীতি ও মানবিক মর্যাদাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেন।

তিনি আরও বলেন, মানুষের মত ও পথ ভিন্ন হতে পারে, তবে মানবতার প্রশ্নে সবাই এক। বিভেদ নয়, সম্প্রীতি; ঘৃণা নয়, ভালোবাসা এবং বিভাজনের পরিবর্তে মানুষের মিলনের পথ দেখায় লালন সাঁইয়ের দর্শন।

খাদ্যমন্ত্রী বলেন, লালনের গান কেবল বিনোদনের বিষয় নয়; এসব গান আত্মজিজ্ঞাসা, আত্মপরিচয় ও মানবমুক্তির কথা বলে। তাঁর সুরে বাংলার মাটির গন্ধ রয়েছে, আর গানে উঠে এসেছে জীবনের গভীর দর্শন। তাঁর সাধনার মধ্য দিয়ে অসাম্প্রদায়িক চেতনা ও মানবতার শক্তি প্রকাশ পেয়েছে। লালনের এই অমূল্য ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তাঁর দর্শন পৌঁছে দেওয়া সবার দায়িত্ব। একই সঙ্গে বাংলার বাউলসংগীত ও লোকজ সংস্কৃতিকে সমৃদ্ধ করার অঙ্গীকারও করেন তিনি।

আফরোজা খানম রিতা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার বাংলার লোকজ সংস্কৃতি, ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয় রক্ষায় কাজ করছে। দেশের প্রতিটি প্রান্তে বাংলার সমৃদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দেওয়া, নতুন প্রজন্মের কাছে তা পৌঁছে দেওয়া এবং বিশ্বদরবারে বাংলা সংস্কৃতিকে আরও পরিচিত করাই সরকারের লক্ষ্য। তিনি বলেন, উন্নয়নের বিষয়টি শুধু অবকাঠামোর মধ্যে সীমাবদ্ধ নয়, সংস্কৃতির উন্নয়নও এর অংশ। শেকড় ভুলে নয়, বরং শেকড়কে ধারণ করেই সামনে এগিয়ে যেতে হবে।

তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপির রাজনীতিতেও মানুষের কল্যাণ, অধিকার ও জীবনমান উন্নয়নের অঙ্গীকার রয়েছে। মানুষের জন্য কাজ করা, তাদের আস্থা ও বিশ্বাসের মর্যাদা রাখা এবং দায়িত্ব পালনের মাধ্যমে মানুষের ভালোবাসা অর্জন করাই তাঁদের লক্ষ্য।

জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) জেলা কমিটির সদস্য-সচিব শামীম বিশ্বাস।

জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী উম্মে সুমাইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে ‘লালন সাঁইয়ের জীবন ও দর্শন’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) সিংগাইর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।

আলোচনাসভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ ও গান পরিবেশন করেন জেলা শিল্পকলা একাডেমি ও জাসাসের শিল্পীরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমির সংগীত প্রশিক্ষক জুঁইরিরা ইসলাম নুপুর।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)

আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)

ডুয়া ডেস্ক: বিশ্ববাজারের পরিস্থিতির প্রভাবে দেশের বাজারেও স্বর্ণের দামে পরিবর্তন এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে সর্বশেষ ৩ হাজার ২৬৬... বিস্তারিত