×

ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

ঢাকঢোল আর শঙ্খধ্বনিতে শুরু দুর্গোৎসব, মণ্ডপে মণ্ডপে উৎসবের আমেজ

২০২৬ অক্টোবর ১৭ ১০:২৫:২৫

ঢাকঢোল আর শঙ্খধ্বনিতে শুরু দুর্গোৎসব, মণ্ডপে মণ্ডপে উৎসবের আমেজ

নিজস্ব প্রতিবেদক: মণ্ডপে মণ্ডপে বাজছে ঢাক ও কাঁসর। ফুল, ধূপ ও আগরবাতির সৌরভে মুখর চারপাশ। শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে দেবী দুর্গার আগমনবার্তাকে বরণ করে নিচ্ছেন ভক্তরা। এমন উৎসবমুখর পরিবেশে শুক্রবার শুরু হয়েছে দেশের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা।

রাজধানীর বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখা গেছে, চলছে ধর্মীয় সংগীত পরিবেশনা। মাটির প্রদীপ ও মোমবাতির আলোর সঙ্গে যুক্ত হয়েছে নানা ধরনের বৈদ্যুতিক আলোকসজ্জা। বর্ণিল আলোর বিচ্ছুরণ পড়ছে দেবী দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক ও গণেশের প্রতিমায়। এমন পরিবেশে বিভিন্ন বয়সী ভক্ত করজোড়ে দেব-দেবীকে প্রণাম করছেন। বিনয়ের সঙ্গে দেবীর কাছে তুলে ধরছেন নিজেদের প্রাপ্তি ও অপ্রাপ্তির কথা।

আজ শনিবার ও আগামীকাল রোববার মহাসপ্তমী। এ বছর বাংলা পঞ্জিকা অনুযায়ী, এই দুই দিনজুড়ে মহাসপ্তমী তিথি থাকায় পরদিন থেকে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। ওই দিন ভক্তরা উপবাস রেখে অঞ্জলি দেবেন এবং প্রসাদ গ্রহণ করবেন। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বাণীতে রাষ্ট্রপতি বলেন, এ দেশের হিন্দু সম্প্রদায় আবহমানকাল ধরে উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপন করে আসছে, যা সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ। দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব নয়, এর সঙ্গে মিশে আছে চিরায়ত বাংলার সমাজ-সংস্কৃতি ও ঐতিহ্য। এ উৎসব সমাজের সব স্তরের মানুষকে সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ করে। শারদীয় দুর্গোৎসব সত্য ও সুন্দরের আলোকে ভাস্বর হয়ে উঠুক এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় হোক—এ কামনা করেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বাণীতে বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণও সব ধর্মের অন্যতম প্রধান শিক্ষা। তিনি বলেন, নিজ নিজ ধর্মীয় বিধান ও সংস্কৃতি অনুশীলনের পাশাপাশি মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সম্মান ও সহমর্মিতা বজায় রেখে সমাজে শান্তির পরিবেশ অক্ষুণ্ন রাখা সবার জন্য জরুরি। দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশসহ সারা বিশ্বের হিন্দু সম্প্রদায় তথা সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

শুক্রবার মহাষষ্ঠী তিথিতে কল্পারম্ভের সময় বেলগাছের নিচে ঘট স্থাপন করে দশভুজা দেবী দুর্গাকে আমন্ত্রণ জানানো হয়। অধিবাসের মধ্য দিয়ে শুরু হয় পূজার আয়োজন। প্রতিটি মণ্ডপে দেবী দুর্গার পাশাপাশি অধিষ্ঠিত হয়েছেন লক্ষ্মী, গণেশ, কার্তিক ও সরস্বতী।

রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরের পুরোহিত বরুণ চক্রবর্তী জানান, মহাষষ্ঠীর সকালের পর্বকে কল্পারম্ভ বলা হয়। এ সময় তাঁরা পূজা করার সংকল্প করেন। তাঁদের কল্পনায় দেবী বিল্ববৃক্ষে এসেছেন এবং তাঁরা তাঁর পূজা করেছেন। এটিই কল্পারম্ভ। সন্ধ্যায় বোধন ও অধিবাসের মধ্য দিয়ে দেবীকে আমন্ত্রণ জানানো হয়।

রাজধানীর রামকৃষ্ণ মিশন ও মঠ, রমনা কালীমন্দির ও আনন্দময়ী আশ্রম, বরোদেশ্বরী কালীমাতা মন্দির, গুলশান-বনানী সার্বজনীন পূজা উদযাপন পরিষদের মণ্ডপ এবং পুরান ঢাকার তাঁতীবাজার, শাঁখারীবাজার ও লালবাগ ঋষিপাড়া মন্দিরসহ দেশের বিভিন্ন স্থানে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দুর্গাপূজা শুরু হয়েছে। বিশেষ করে গুলশান-বনানীর পূজামণ্ডপের ‘জলজ’ থিম মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। মণ্ডপটির নির্মাতা শিল্পী পার্থ জানান, জল থেকেই সবকিছুর উৎপত্তি। দুর্গা মা জল থেকে আসবেন, আবার জলেই ফিরে যাবেন। এ ভাবনা থেকেই এবারের থিমের নাম রাখা হয়েছে ‘জলজ’।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় এবার পূজামণ্ডপের সংখ্যা প্রায় ১ হাজার ৫০০টি বেড়ে ৩৩ হাজার ৮৫১টিতে দাঁড়িয়েছে। সরকারি অনুদানের পরিমাণও ৪ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫ কোটি টাকা করা হয়েছে। পঞ্জিকামতে, জগতের মঙ্গল কামনায় এবার দেবী দুর্গা ঘোড়ায় চড়ে স্বর্গলোক থেকে মর্ত্যে আসবেন এবং নৌকায় চড়ে স্বর্গলোকে ফিরে যাবেন।

হিন্দু সম্প্রদায়ের দাবির পরিপ্রেক্ষিতে সরকার এ বছর নির্বাহী আদেশে দুর্গাপূজার ছুটি বাড়িয়ে তিন দিন করেছে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি থাকছে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)

আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)

ডুয়া ডেস্ক: বিশ্ববাজারের পরিস্থিতির প্রভাবে দেশের বাজারেও স্বর্ণের দামে পরিবর্তন এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে সর্বশেষ ৩ হাজার ২৬৬... বিস্তারিত