ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
বিরোধী দল এখন দায়িত্বহীন আচরণ করছে: প্রতিমন্ত্রী শাহে আলম
নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার ৬৫টি পূজামণ্ডপে নিজস্ব তহবিল থেকে অনুদান দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় শিবগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে দুই উপজেলার পূজামণ্ডপগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে অনুদানের অর্থ তুলে দেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মীর শাহে আলম বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষ তাঁদের অত্যন্ত আপনজন। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের মধ্যে কোনো ভেদাভেদ করে না। গত নির্বাচনে হিন্দু সম্প্রদায়ের মানুষ তারেক রহমান ও ধানের শীষের প্রতি ভালোবাসার প্রমাণ দিয়েছেন। বিএনপিও প্রমাণ করেছে, তাঁরাও হিন্দু সম্প্রদায়েরই মানুষ। দলটি সব ধর্মের মানুষের সমান অধিকারে বিশ্বাস করে।
পরে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী বলেন, শারদীয় দুর্গাপূজা যেন সারা দেশে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হয়, সে জন্য সরকার ও বিএনপি হিন্দু সম্প্রদায়ের পাশে রয়েছে। তাঁদের সামাজিক নিরাপত্তাসহ সার্বিক সহযোগিতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, একসময় একটি রাজনৈতিক দল মনে করত, হিন্দু সম্প্রদায়ের মানুষ তাদের রাজনৈতিক সম্পদ। কিন্তু গত নির্বাচনে ভোটের মাধ্যমে হিন্দু সম্প্রদায়ের মানুষ প্রমাণ করেছেন, তাঁরা কোনো দলের দাসত্ব করেন না। স্বাধীনভাবে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার অধিকার তাঁদেরও রয়েছে। তাঁদের আত্মার আত্মীয় হিসেবে পাশে থাকতে চায় বিএনপি।
মীর শাহে আলম আরও বলেন, দুর্গাপূজা উপলক্ষে এবার ছুটি এক দিন বাড়ানো হয়েছে। সরকারিভাবে প্রতিটি মন্দিরে ৬০০ কেজি করে চালের ব্যবস্থা করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে হিন্দু নারীদের জন্য শাড়ির ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া বিএনপির নেতাকর্মীরাও হিন্দু সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়িয়েছেন।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম মানবিক প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার বাইরে রংপুর, রাজশাহী ও চট্টগ্রামে মন্দির পরিদর্শন করবেন। সেখানে তিনি হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করবেন। তাঁর মতে, এটি সব ধর্মের মানুষের প্রতি সরকারের সমান দৃষ্টিভঙ্গির প্রতিফলন।
বিরোধী দলের সমালোচনা করে মীর শাহে আলম বলেন, ১১ দলীয় জোট বেহেশতের লোভ দেখিয়ে মানুষের ভোট নিয়ে এখন বিরোধী দলের আসনে বসে দায়িত্বহীন আচরণ করছে। ভঙ্গুর অর্থনীতির পরিস্থিতিতে বিএনপি জনগণের সরকার হিসেবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে। সরকারের বয়স মাত্র ছয় মাস। এরই মধ্যে বিরোধী দলের একদফা দাবির কথা বলা হাস্যকর। দেশের স্বার্থে সরকারকে সহযোগিতা করতে তিনি বিরোধী দলের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, বিএনপি আমি-ডামি নির্বাচনে বিশ্বাস করে না। দেশের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করে এরপর জনগণের কাছে ভোট চাইতে যাবে দলটি। জনগণ ভোট দিলে বিএনপি সরকার গঠন করবে, আর ভোট না দিলে বিরোধী দলে বসবে। জনগণের ভোটের মাধ্যমেই ক্ষমতায় যেতে চায় বিএনপি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) বিষ্ণুপদ পাল, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এসএম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান তৌফিক এবং সদস্যসচিব রোকন-উদ-দৌলা রুবেল।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ অক্টোবর)
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- বাতিল পরীক্ষার নতুন সূচি দিল যুব উন্নয়ন অধিদপ্তর
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- বায়তুল মোকাররমে খতিবের অপসারণের অভিযোগ ঘিরে বিক্ষোভ
- আড়ংয়ে পার্টটাইম চাকরির সুযোগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- দেওয়ানি বিরোধ নিষ্পত্তির আগে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্ট
- ঢাবির ছাত্রী হলে পুরুষ কর্মীদের অবাধ যাতায়াত, বাড়ছে অস্বস্তি