×

ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল আর্জেন্টিনা

২০২৬ অক্টোবর ১৬ ১০:৪২:২৬

শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল আর্জেন্টিনা

আন্তর্জাতিক ডেস্ক: আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মাইলেইয়ের কঠোর ব্যয় সংকোচন নীতির বিরুদ্ধে বিক্ষোভে নেমেছেন দেশটির শিক্ষক ও শিক্ষার্থীরা। শিক্ষা খাতে বাজেট কমানো, বেতন ও বৃত্তির সংকট এবং গবেষণার সুযোগ সীমিত করার প্রতিবাদে রাজধানী বুয়েনস এইরেসে আন্দোলন শুরু হয়েছে। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে নিরাপত্তাকর্মীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২৫ জনকে আটক করা হয়েছে।

বিক্ষোভের অংশ হিসেবে বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রাকৃতিক বিজ্ঞান অনুষদের একটি ভবন এক দিনের জন্য দখলে নেন আন্দোলনকারীরা। সেখানে সরকারের নীতির প্রতিবাদে ব্যানার টানিয়ে স্লোগান দেন তারা। তাদের স্লোগান ছিল, ‘এভাবে আর চলতে পারে না’। শিক্ষার্থীদের আশঙ্কা, সরকারি বাজেট ছাঁটাইয়ের ফলে বিনা মূল্যে উচ্চশিক্ষার সুযোগ মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। অন্যদিকে, উপযুক্ত বেতন না পাওয়ায় অনেক শিক্ষক বেসরকারি প্রতিষ্ঠানে চলে যাচ্ছেন।

২০২৩ সালে ক্ষমতায় আসার পর থেকে সরকারি খাতে হাজার হাজার কর্মী ছাঁটাই, একাধিক মন্ত্রণালয় বিলুপ্ত এবং বিভিন্ন খাতে ভর্তুকি কমানোর মতো কঠোর পদক্ষেপ নিয়েছেন প্রেসিডেন্ট মাইলেই। এসব পদক্ষেপের ফলে মাসিক মূল্যস্ফীতি কমে প্রায় ২ শতাংশে নেমে এলেও সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতে নেতিবাচক প্রভাব পড়েছে।

সম্প্রতি বিশ্বব্যাংক ও ওয়াশিংটন সফরের সময় প্রেসিডেন্ট মাইলেই আর্জেন্টিনার অর্থনৈতিক প্রবৃদ্ধির কথা তুলে ধরেন। তবে বিরোধীদের অভিযোগ, সাধারণ মানুষের ওপর অস্বাভাবিক ব্যয়ের চাপ সৃষ্টি করেই সরকার অর্থনৈতিক অগ্রগতির চিত্র তুলে ধরছে।

বিশ্ববিদ্যালয়গুলোর অর্থায়ন অব্যাহত রাখতে দেশটির কংগ্রেসে একটি বিল পাস হলেও প্রেসিডেন্টের ভেটো এবং সরকারের অর্থ ছাড় না করার অজুহাতে এর বাস্তবায়ন আটকে আছে। এ পরিস্থিতিতে একটি ফেডারেল আদালত সরকারকে প্রতিদিন ১ লাখ পেসো পর্যন্ত জরিমানা করেছেন। আন্দোলনকারীরা অবিলম্বে শিক্ষা খাতে নিয়মিত বাজেট বরাদ্দ এবং সরকারের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক মারিয়া তেরেসা দে হেসুস জানিয়েছেন, মাসে প্রায় ৭০০ ডলার আয় করেও সংসারের ব্যয় সামলাতে হিমশিম খেতে হচ্ছে তাঁকে। আলজাজিরাকে তিনি বলেন, ‘শেষ চেষ্টা হিসেবে আমি এই বিক্ষোভে এসেছি। আমি একজন অধ্যাপক। শিক্ষকতা ও গবেষণা করতে ভালোবাসি। আমার এখানে থাকার কথা নয়।’

এদিকে, সরকারের অর্থনৈতিক পরিকল্পনার ওপর আস্থা হারাচ্ছেন অনেকেই। আন্দোলনকারীদের অভিযোগ, মাইলেই সরকার একটি সুবিধাভোগী গোষ্ঠীর স্বার্থ রক্ষা করছে। আর সরকারের অর্থনৈতিক পরিকল্পনার চাপ বহন করতে হচ্ছে সাধারণ জনগণকে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)

আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)

ডুয়া ডেস্ক: বিশ্ববাজারের পরিস্থিতির প্রভাবে দেশের বাজারেও স্বর্ণের দামে পরিবর্তন এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে সর্বশেষ ৩ হাজার ২৬৬... বিস্তারিত