ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩
সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্তের দাবি জামায়াতের
নিজস্ব প্রতিবেদক: সার ডিলার নিয়োগে অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও রাজনৈতিক প্রভাবের অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির অভিযোগ, বিদ্যমান নীতিমালা উপেক্ষা করে রাজনৈতিক বিবেচনায় ডিলার নিয়োগ দেওয়ায় দেশের বিভিন্ন এলাকায় সারসংকট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়ছেন কৃষকেরা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এ সময় সার ডিলার নিয়োগ ও বিতরণব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে ছয় দফা দাবি তুলে ধরেন তিনি।
মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, সার ডিলার নিয়োগে ব্যাপক দলীয়করণ হয়েছে। যোগ্যতা ও নীতিমালার পরিবর্তে রাজনৈতিক বিবেচনা এবং আর্থিক লেনদেনকে গুরুত্ব দেওয়ায় সার বিতরণব্যবস্থায় অনিয়ম ও নৈরাজ্য তৈরি হয়েছে। এর নেতিবাচক প্রভাব পড়ছে কৃষি উৎপাদন ও জনজীবনে।
তিনি বলেন, ডিলার নিয়োগের জন্য গঠিত জেলা কমিটিতে রাজনৈতিক বিবেচনায় ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। কোথাও কোথাও দলীয় প্যাডে দেওয়া তালিকা অনুসরণ করে ডিলার নিয়োগের অভিযোগও রয়েছে। বিএনপির নেতারা অর্থের বিনিময়ে ডিলার নিয়োগ দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।
জামায়াতের এই নেতা বলেন, সরকারের অব্যবস্থাপনা, ডিলার নিয়োগে স্বজনপ্রীতি ও দুর্নীতি, কালোবাজারে সার বিক্রি এবং চোরাচালানের কারণে সারসংকট তৈরি হচ্ছে। দিনাজপুর ও রংপুরের বদরগঞ্জসহ বিভিন্ন এলাকায় ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে বলেও উল্লেখ করেন তিনি।
মিয়া গোলাম পরওয়ারের দাবি, ‘দ্য ডিসেন্ট’-এর অনুসন্ধানে বিএনপির ১৪ জন সংসদ সদস্যের নির্বাচনী এলাকায় সারসংকট ও কৃষকদের ভোগান্তির চিত্র উঠে এসেছে। তাঁর অভিযোগ, কোনো কোনো এলাকায় স্থানীয় বাসিন্দা নন, এমন ব্যক্তিদের ডিলারশিপ দেওয়া হয়েছে। এ ছাড়া সারের ব্যবসায় পূর্ব অভিজ্ঞতা নেই—এমন ব্যক্তি, একই পরিবারের একাধিক সদস্য এবং ভুয়া গুদাম বা চুক্তিনামা দেখিয়েও কেউ কেউ ডিলারশিপ পেয়েছেন।
রংপুরের পীরগাছা উপজেলায় বিএনপির প্যাডে দেওয়া ডিলার নিয়োগের তালিকায় আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতাদের নাম থাকার অভিযোগও করেন তিনি।
ডিলার নিয়োগে রাজনৈতিক প্রভাবের সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, বিএনপির ত্যাগী নেতাদের ডিলারশিপ দেওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তাঁর অভিযোগ, সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা নীতিমালা অনুসরণ না করায় যোগ্য প্রার্থীরা বঞ্চিত হচ্ছেন। ডিলার নিয়োগের ক্ষেত্রে হাইকোর্টের আদেশও লঙ্ঘন করা হয়েছে বলে দাবি করেন তিনি।
জামায়াতের ছয় দফা দাবি
সার ডিলার নিয়োগ ও বিতরণব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে ছয় দফা দাবি জানিয়েছে জামায়াত। দাবিগুলো হলো—ডিলার নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি, রাজনৈতিক প্রভাব ও আর্থিক লেনদেনের অভিযোগ তদন্ত করে দায়ীদের শাস্তি নিশ্চিত করা; ডিলার নিয়োগের যোগ্যতা, তালিকা প্রণয়নের প্রক্রিয়া ও লাইসেন্স প্রদানের ভিত্তি প্রকাশ করা; ডিলারশিপ দেওয়ার নামে অর্থ আদায়ের অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া; সারসংকট নিয়ে দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্যের সঙ্গে মাঠপর্যায়ের বাস্তব পরিস্থিতির অসংগতি যাচাই করে তথ্য প্রকাশ করা; নিয়োগকারী কর্তৃপক্ষের লিখিত ব্যাখ্যা ও তদন্তের অগ্রগতি জনসমক্ষে তুলে ধরা এবং প্রমাণের ভিত্তিতে অভিযোগ যাচাই করে সিদ্ধান্ত নেওয়া।
গোলাম পরওয়ার বলেন, গত ছয় থেকে সাত মাসে সরকারের বিভিন্ন স্তরে দলীয়করণ ও দুর্নীতি এবং মন্ত্রীদের বক্তব্য নিয়ে জামায়াত উদ্বিগ্ন। সারসংকটের প্রকৃত পরিস্থিতি তুলে ধরে কৃষকদের দুর্ভোগ কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
সংবিধান সংস্কার নিয়েও সমালোচনা
সংবাদ সম্মেলনে সারসংকটের পাশাপাশি সংবিধান সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়েও সরকারের সমালোচনা করেন জামায়াতের এই নেতা। তাঁর অভিযোগ, বিরোধী দলকে বাইরে রেখে সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে ক্ষমতাসীনরা কর্তৃত্ববাদী কাঠামো প্রতিষ্ঠার চেষ্টা করছে।
গোলাম পরওয়ার বলেন, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে দুর্নীতি ও স্বজনপ্রীতিমুক্ত এবং ভিন্নমতের ওপর দমন-পীড়নহীন একটি মানবিক ও ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যাশা তৈরি হয়েছিল। কিন্তু সেই প্রত্যাশা বাস্তবায়নের পরিবর্তে সরকার বিরোধী দলকে সংবিধান সংস্কার প্রক্রিয়া থেকে দূরে রাখছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন এবং অনুমোদিত আইনি কাঠামো অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া উচিত। এ বিষয়ে আগামী সংসদ অধিবেশনে সরকার বিরোধী দলের সঙ্গে আলোচনা করে কার্যকর উদ্যোগ নেবে বলে আশা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে রাজনৈতিক বিতর্ক রাজপথে না ঠেলে সংসদে সমাধানের আহ্বান জানান।
দেশে সার, তেল, গ্যাস ও বিদ্যুৎ-জ্বালানির সংকটে উৎপাদন ব্যয় বাড়ছে এবং এর প্রভাব দ্রব্যমূল্যে পড়ছে বলে মন্তব্য করেন গোলাম পরওয়ার। নগরবাসী ও প্রান্তিক কৃষকদের দুর্ভোগ কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ অক্টোবর)
- বাতিল পরীক্ষার নতুন সূচি দিল যুব উন্নয়ন অধিদপ্তর
- বায়তুল মোকাররমে খতিবের অপসারণের অভিযোগ ঘিরে বিক্ষোভ
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান