×

ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়তে বিশ্ববিদ্যালয়গুলোকে রাষ্ট্রপতির আহ্বান

২০২৬ অক্টোবর ১৪ ২০:২২:৪৯

চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়তে বিশ্ববিদ্যালয়গুলোকে রাষ্ট্রপতির আহ্বান

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষ জনশক্তি তৈরিতে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও দেশের কৌশলগত স্থাপনা, বন্দর, বিশেষায়িত প্রতিষ্ঠান ও বেসরকারি কোম্পানি পরিচালনার জন্য বিদেশি কর্মী নিয়োগ করতে হচ্ছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে উচ্চশিক্ষার মাধ্যমে দক্ষ কর্মী গড়ে তোলা প্রয়োজন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে বঙ্গভবনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় রাষ্ট্রপতি এসব কথা বলেন।

সাক্ষাতে ড. মো. সবুর খান বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি রাষ্ট্রপতিকে জানান, বিশ্ববিদ্যালয়টিতে নিজস্ব পেটেন্ট উন্নয়ন বিভাগ রয়েছে। এ বিভাগ গবেষকদের উদ্ভাবনের স্বত্ব সংরক্ষণ ও সেগুলো বাণিজ্যিকভাবে কাজে লাগাতে সহায়তা করে। পাশাপাশি তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, উৎপাদন ও মাল্টিমিডিয়া, পুষ্টি ও খাদ্য এবং মৎস্যসহ বিভিন্ন কর্মমুখী বিষয়ে শিক্ষা ও গবেষণা পরিচালিত হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের এসব কার্যক্রম সম্পর্কে অবহিত হয়ে সন্তোষ জানান রাষ্ট্রপতি। একই সঙ্গে শিক্ষার বর্তমান মান বজায় রাখার পাশাপাশি তা আরও উন্নত করার ওপর গুরুত্ব দেন তিনি।

সাক্ষাতের একপর্যায়ে ড. মো. সবুর খান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আসন্ন সমাবর্তনে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম কবির, ট্রাস্টি বোর্ডের সদস্য ড. মো. ইমরান হোসেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাসুম ইকবাল, একাডেমিক অ্যাফেয়ার্সের ডিন অধ্যাপক ড. মোস্তফা কামাল এবং রেজিস্ট্রার ড. মোহাম্মদ নাদির বিন আলী। এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, সচিব এ কে এম সালাহউদ্দিন নাগরী ও প্রেস সচিব মো. সরওয়ার আলমও উপস্থিত ছিলেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ