×

ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

দুর্গাপূজা ঘিরে নিরাপত্তায় পুলিশের পাঁচ পরামর্শ

২০২৬ অক্টোবর ১৪ ১৮:২৩:৩৪

দুর্গাপূজা ঘিরে নিরাপত্তায় পুলিশের পাঁচ পরামর্শ

নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে আয়োজক ও দর্শনার্থীদের পাঁচটি বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশ পুলিশ। গুজব এড়িয়ে চলা, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, প্রতিমা বিসর্জনে নির্ধারিত পথ অনুসরণ এবং জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট নম্বরে যোগাযোগের ওপর গুরুত্ব দিয়েছে সংস্থাটি।

বুধবার বিকেলে বাংলাদেশ পুলিশের এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা ও পরামর্শ তুলে ধরা হয়।

বিজ্ঞপ্তিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কোনো ঘটনার সত্যতা যাচাই না করে তা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি না করার আহ্বান জানানো হয়েছে। যাচাই না করে কোনো তথ্য লাইক, কমেন্ট বা শেয়ার করা থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

পূজামণ্ডপে নিরাপত্তা জোরদারে নারী ও পুরুষ দর্শনার্থীদের প্রবেশ ও বের হওয়ার জন্য পৃথক পথ রাখার পরামর্শ দিয়েছে পুলিশ। মণ্ডপে ব্যাগ, থলে বা পোঁটলা নিয়ে প্রবেশ না করার পাশাপাশি সিসিটিভি ক্যামেরা ও অগ্নিনির্বাপক যন্ত্র স্থাপন করতে বলা হয়েছে। গুরুত্বপূর্ণ মণ্ডপে আর্চওয়ে গেট বসানো, মণ্ডপ ও প্রতিমা বিসর্জনস্থলে পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং প্রয়োজনে বিকল্প বিদ্যুতের ব্যবস্থা রাখার কথাও জানিয়েছে সংস্থাটি।মণ্ডপের নিরাপত্তার দায়িত্ব পালনে স্বেচ্ছাসেবক নিয়োগের পরামর্শ দেওয়া হয়েছে। তাঁদের সহজে শনাক্ত করার জন্য আলাদা পোশাক, দৃশ্যমান পরিচয়পত্র ও ‘স্বেচ্ছাসেবক’ লেখা আর্মব্যান্ড ব্যবহারের কথা বলা হয়েছে।সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছে পুলিশ। আজান ও নামাজের সময় মসজিদসংলগ্ন পূজামণ্ডপে এবং প্রতিমা বিসর্জনের সময় শব্দযন্ত্রের ব্যবহার সীমিত রাখতে বলা হয়েছে। পাশাপাশি আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে প্রতিমা বিসর্জনের সময় নির্ধারিত পথ অনুসরণ করতে হবে। একই সঙ্গে স্থানীয় প্রশাসনের নির্ধারিত স্থানে বিসর্জন কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দিয়েছে পুলিশ।

জরুরি প্রয়োজনে পুলিশ হেডকোয়ার্টার্সের কন্ট্রোল রুমে ০২২২৩৩৮০৬৬১, ০২২২৩৩৮১৯৬৭, ০১৩২০০০১২৯৯ ও ০১৩২০০০১৩০০ নম্বরে যোগাযোগ করা যাবে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সঙ্গে যোগাযোগের নম্বর ০২২২৩৩৫৫৫০০ ও ০১৮১৭৬০২০৫০। ঢাকেশ্বরী মন্দিরের কেন্দ্রীয় কন্ট্রোল রুমের নম্বর ০২৯৬১১৩৫৩ ও ০১৭০৫৫০৫৫২৯। এসআরবির কন্ট্রোল রুমে যোগাযোগ করা যাবে ০১৭৭৭৭২০০৯ নম্বরে।

এ ছাড়া ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের নম্বরগুলো হলো ০২২২৩৩৫৫৫৫৫, ০১৭১৩০৩৮১৮১, ০১৭১৩০৩৮১৮২ ও ০১৭৩০৩৩৬৬৯৯।

পুলিশ জানিয়েছে, যেকোনো জরুরি পরিস্থিতিতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ২৪ ঘণ্টা বিনা মূল্যে ফোন করে পুলিশ, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের সহায়তা নেওয়া যাবে। এ ছাড়া জেলা পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) যোগাযোগের নম্বর জানতে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট দেখার পরামর্শ দেওয়া হয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত