×

ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

প্রবাসীদের কল্যাণে অভিবাসন ব্যয় কমানো জরুরি: রাষ্ট্রপতি

২০২৬ অক্টোবর ১৪ ১৭:১৫:১২

প্রবাসীদের কল্যাণে অভিবাসন ব্যয় কমানো জরুরি: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক: প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি লাখো পরিবারের জীবনযাত্রার মান উন্নয়নে অবদান রাখছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রবাসীদের শ্রম, ত্যাগ ও অর্জনের যথাযথ স্বীকৃতি দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। এ লক্ষ্যে অভিবাসন ব্যয় কমানো, প্রতারণা ও দালালচক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং বিদেশে বাংলাদেশের মিশনগুলোকে আরও শ্রমিকবান্ধব করে তোলা প্রয়োজন।

বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার রূপসী বাংলা হলে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (রামরু) ৩০ বছর পূর্তি ও ‘সোনার মানুষ সম্মিলন ২০২৬’-এর দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাষ্ট্রপতি।

তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা ছিল অভূতপূর্ব। জুলাই গণঅভ্যুত্থানে তাঁদের অংশগ্রহণের মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে, দেশের অর্থনৈতিক ও জাতীয় জীবনে প্রবাসীরা গুরুত্বপূর্ণ অংশীদার। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি বাংলাদেশের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় শ্রমবাজারে বৈচিত্র্য আনার পাশাপাশি ইউরোপ ও এশিয়ার অন্যান্য দেশেও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর ওপর জোর দেন তিনি।

রাষ্ট্রপতি আরও বলেন, অতীতে মধ্যপ্রাচ্যে নারী কর্মীদের গৃহকর্মী হিসেবে পাঠানোর ক্ষেত্রে নেওয়া ভুল নীতি থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন। অভিবাসন ব্যবস্থাপনাকে কার্যকর করতে দীর্ঘমেয়াদি ও সমন্বিত জাতীয় কৌশল প্রণয়ন এবং তা বাস্তবায়ন জরুরি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বলেন, গত ১৭ বছরে দেশকে আমদানিনির্ভর করে রাখার পেছনে গভীর ষড়যন্ত্র ছিল। তাঁর দাবি, এর লক্ষ্য ছিল শুধু লুটপাট নয়, বরং দেশকে দুর্বল করে দেওয়াও। অতীতের নীতিমালা থেকে সরে এসে প্রবাসীদের কল্যাণে কার্যকর উদ্যোগ নিতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দায়িত্বশীল ব্যক্তিদের প্রতি আহ্বান জানান তিনি।

দীর্ঘদিন ধরে প্রবাসীদের নিয়ে কাজ করার জন্য রামরুকে ধন্যবাদ জানান জহির উদ্দিন স্বপন। ভবিষ্যতেও সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে সংস্থাটির অভিজ্ঞতা ও মতামত তুলে ধরা হবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত