×

ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

পরাজিত শক্তির আন্দোলন জনগণ গ্রহণ করবে না: আমান উল্লাহ আমান

২০২৬ অক্টোবর ১৪ ১৫:২৫:৫৮

পরাজিত শক্তির আন্দোলন জনগণ গ্রহণ করবে না: আমান উল্লাহ আমান

নিজস্ব প্রতিবেদক: দেশ ও সরকারবিরোধী ষড়যন্ত্র এখনো চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান এমপি। তিনি বলেছেন, ২০২৪ সালের পরাজিত শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে কৃত্রিমভাবে আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছে। তবে জনগণ এমন আন্দোলন মেনে নেবে না।

বুধবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আমান উল্লাহ আমান বলেন, জনগণ আস্থা ও বিশ্বাস নিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে। সেই আস্থার প্রতিফলন ঘটাতে তারেক রহমান গ্রাম-গঞ্জ, মাঠ-ঘাট, পথ-প্রান্তরে ঘুরে মানুষের জন্য কাজ করছেন এবং তাদের সেবা দিচ্ছেন।

তিনি বলেন, অতীতে এ দেশে কোনো স্বৈরাচার টিকে থাকতে পারেনি, ভবিষ্যতেও কোনো ফ্যাসিস্ট শক্তি সফল হবে না।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, ২০২৪ সালের পরাজিত শক্তিগুলো ফিরে আসার হুংকার দিচ্ছে। কিন্তু তারা কোথায় আসবে? ইতিহাস বলে, শুধু বাংলাদেশ নয়, কোনো পলাতক ফ্যাসিস্ট একবার দেশ ছেড়ে পালিয়ে গেলে আর কখনো সেই দেশে ফিরতে পারে না।

দুর্গাপূজা উদ্‌যাপন প্রসঙ্গে আমান উল্লাহ আমান বলেন, প্রধানমন্ত্রী বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন সামাজিক সংগঠন এবং দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের প্রতি হিন্দু সম্প্রদায়ের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনেরা যাতে সুন্দর, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপন করতে পারেন, সে জন্য সবাইকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি মো. সাইদুর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সমমনা জোটের আহ্বায়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য নাজিম উদ্দিন আলম, সমমনা জোটভুক্ত জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান এবং ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাসসহ অন্যরা।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত