×

ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

বিক্ষোভের নতুন তারিখ নিয়ে দিল্লি পুলিশকে হুঁশিয়ারি

২০২৬ অক্টোবর ১২ ১৩:২৮:৫২

বিক্ষোভের নতুন তারিখ নিয়ে দিল্লি পুলিশকে হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের নতুন তারিখ নির্ধারণ করে দিতে পুলিশকে ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। এই সময়ের মধ্যে পুলিশের পক্ষ থেকে কোনো জবাব না এলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে সতর্ক করেছেন দলটির সহ-সমন্বয়ক আশুতোষ রানকা।

সোমবার (১২ অক্টোবর) সিজেপির আরেক সহ-সমন্বয়ক সৌরভ দাসকে সঙ্গে নিয়ে পার্লামেন্ট স্ট্রিট থানায় যান আশুতোষ রানকা। সেখানে পুলিশের কাছে বিক্ষোভ আয়োজনের জন্য নতুন তারিখ নির্ধারণের দাবি জানান তাঁরা।

রানকা বলেন, ‘যন্তর মন্তর বিক্ষোভের জন্য নির্ধারিত স্থান। সেখানে আমরা কবে বিক্ষোভ করতে পারব, সেই তারিখ জানতে এসেছি।’

তিনি আরও বলেন, ‘আমরা কোথায় বিক্ষোভ করব? আগামী ২৪ ঘণ্টার মধ্যে পুলিশকে জানাতে হবে, কীভাবে আমরা বিক্ষোভ করতে পারি। অন্যথায় আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।’

কেন নতুন তারিখ চাইছে সিজেপি?

গত ১০ অক্টোবর যন্তর মন্তরে সিজেপির প্রস্তাবিত বিক্ষোভের অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। আয়োজকদের স্বল্প সময়ের নোটিশ, আগের বিক্ষোভে নিয়ম ভঙ্গের অভিযোগ এবং জননিরাপত্তা, যান চলাচল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কারণ দেখিয়ে অনুমতি প্রত্যাখ্যান করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রস্তাবিত বিক্ষোভের বিষয়ে তাদের ৭ অক্টোবর জানানো হয়েছিল। অর্থাৎ, কর্মসূচির মাত্র তিন দিন আগে আবেদন করা হয়। অথচ নিয়ম অনুযায়ী, বিক্ষোভের অনুমতি পেতে অন্তত ১০ দিন আগে আবেদন জমা দেওয়া প্রয়োজন।

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে বিক্ষোভের পরিকল্পনা করেছিল সিজেপি। এসআইআর কার্যক্রমে কথিত অনিয়মের প্রতিবাদে দলটির চলমান আন্দোলনের অংশ হিসেবে এ কর্মসূচি নেওয়া হয়েছিল।

সিজেপির আগের বিক্ষোভগুলোর বিষয়ও সামনে এনেছে দিল্লি পুলিশ। পুলিশের অভিযোগ, এর আগে দলটির একটি বিক্ষোভ নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও চলতে থাকে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত