×

ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

বৈষম্যহীন সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রীর

২০২৬ অক্টোবর ১০ ১৭:৪৮:৫৬

বৈষম্যহীন সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: নারী-পুরুষের সমতা নিশ্চিত করা এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় রাজবাড়ী শহরের নান্নু টাওয়ারের কনভেনশন সেন্টারে সোনাকান্দর ডেভেলপমেন্ট ক্লাব আয়োজিত ‘সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইক্যুয়ালিটি’ প্রকল্পের আওতায় যুবদের সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, নারী ও পুরুষের ভূমিকা নিয়ে সমাজে প্রচলিত নেতিবাচক ধারণা ও কুসংস্কার থেকে বেরিয়ে আসা প্রয়োজন। এ জন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক পরিসরে সমতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং মানবিক মূল্যবোধের চর্চা বাড়াতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, যুবসমাজ দেশের অন্যতম প্রধান শক্তি। তরুণদের মধ্যে সচেতনতা তৈরি করা সম্ভব হলে সমাজে বিদ্যমান জেন্ডারভিত্তিক বৈষম্য ও নেতিবাচক দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটানো যাবে। এ লক্ষ্যে স্থানীয় সরকার, প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠান ও কমিউনিটির নেতৃবৃন্দকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, সমতাভিত্তিক সমাজ গড়তে কেবল আলোচনা করলেই হবে না, বাস্তব জীবনেও নারী-পুরুষের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে হবে। তরুণদের ইতিবাচক চিন্তা, দায়িত্বশীল আচরণ ও সম্মিলিত উদ্যোগের মধ্য দিয়ে সচেতন, মানবিক ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব।

সোনাকান্দর ডেভেলপমেন্ট ক্লাবের সভাপতি হুমাইয়া আক্তার রিনথীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামসুল হক, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক চায়না ব্যানার্জী এবং বাংলাদেশ শিক্ষক সমিতির রাজবাড়ী জেলা শাখার সভাপতি ও আল্লা নেওয়াজ খায়রু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী আহসান হাবীব।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সোনাকান্দর ডেভেলপমেন্ট ক্লাবের উপদেষ্টা ও আল্লা নেওয়াজ খায়রু উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফারহানা জাহান মিনি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক তাহসিন মুগ্ধ।

এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সোনাকান্দর ডেভেলপমেন্ট ক্লাবের সদস্যরা তাঁদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, এই সংলাপের উদ্দেশ্য তরুণদের মধ্যে সমতা, অধিকার ও সচেতনতার চর্চা জোরদার করা এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় যুবসমাজকে আরও সক্রিয় ভূমিকা পালনে উৎসাহিত করা।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত