×

ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ: আমানুল্লাহ আমান

২০২৬ অক্টোবর ১০ ১৪:৫৩:০৩

তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ: আমানুল্লাহ আমান

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমানুল্লাহ আমান বলেছেন, বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের ধারাবাহিকতায় তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রা থামাতে পরাজিত শক্তি নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সব চক্রান্ত মোকাবিলা করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ জেহাদ স্মৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত স্মরণসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

১৯৯০ সালের গণ-অভ্যুত্থানের স্মৃতি তুলে ধরে সাবেক ছাত্রনেতা আমান বলেন, দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ জেহাদের আত্মত্যাগ সেদিন ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) তৎকালীন ২২টি ছাত্রসংগঠনের সমন্বয়ে গঠিত সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ এবং বেগম খালেদা জিয়ার দূরদর্শী ও আপসহীন নেতৃত্বে রাজপথের আন্দোলন তীব্র হয়ে ওঠে। সেই আন্দোলনের পরিণতিতেই স্বৈরাচারের পতন ঘটে।

তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে ডাকসুর সাবেক এই ভিপি বলেন, দেশের ও জনগণের সংকটময় সময়ে জিয়া পরিবার সব সময় রাজপথে থেকে নেতৃত্ব দিয়েছে। নানা নির্যাতন, গুম ও প্রতিকূলতার মধ্যেও দেশনায়ক তারেক রহমান জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেছেন। আন্দোলনকে এক দফায় রূপ দিয়ে তিনি ফ্যাসিস্টদের পতন নিশ্চিত করেছেন।

বর্তমান পরিস্থিতি ও সরকারের বিভিন্ন উদ্যোগের প্রসঙ্গে আমানুল্লাহ আমান বলেন, জনগণের ভোট ও আস্থার ভিত্তিতে এখন দেশ সঠিকভাবে পরিচালিত হচ্ছে। ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য বিভিন্ন সুবিধা এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর জন্য সরকারের নানা উদ্যোগের প্রতিফলন দেখা যাচ্ছে। দেশের এসব অর্জন আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হওয়ার সময়েই ফ্যাসিবাদের অনুসারীরা গোপনে ষড়যন্ত্রের চেষ্টা করছে। তবে অসাংবিধানিক উপায়ে কিংবা চক্রান্ত করে এ দেশে আর ক্ষমতায় আসার সুযোগ নেই।

দলের সব পর্যায়ের নেতাকর্মীকে সুসংগঠিত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে।

শহীদ জেহাদ স্মৃতি পরিষদের সভাপতি আমানুল্লাহ আমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি যৌথভাবে সঞ্চালনা করেন সাবেক জিএস খায়রুল কবির খোকন ও সাবেক এজিএস নাজিম উদ্দিন আলম। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। সভায় আরও উপস্থিত ছিলেন ৯০-এর সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল এমপি, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, ঢাবির বেগম রোকেয়া হলের সাবেক ভিপি ও সংসদ সদস্য শিরীন সুলতানা, ঢাকা কলেজের সাবেক ভিপি ও বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ বিএনপির অন্যান্য নেতারা।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত