ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

নতুন ভিসা চালু সৌদির

২০২৬ জুলাই ২১ ১৮:৫৭:৫৪

নতুন ভিসা চালু সৌদির

আন্তর্জাতিক ডেস্ক: দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগের অংশ হিসেবে তুরস্কের পণ্যবাহী ট্রাকচালকদের জন্য বিশেষ ভিসা ক্যাটাগরি চালু করেছে সৌদি আরব। দীর্ঘদিন পর ভূ-রাজনৈতিক পরিস্থিতি ও আন্তর্জাতিক ট্রানজিট রুটে ইতিবাচক পরিবর্তনের ফলে স্থলপথে তুরস্ক থেকে সৌদি আরবে পণ্য পরিবহনের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যের বর্তমান অর্থনৈতিক ও কৌশলগত প্রেক্ষাপটে ইরাক ও সিরিয়ার অভ্যন্তরীণ ট্রানজিট রুট পুনরায় সচল হওয়ায় তুর্কি রপ্তানিকারকদের জন্য সরাসরি সড়কপথে সৌদি বাজারে প্রবেশের সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে। এ সুযোগকে কাজে লাগিয়ে তুর্কি সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শুরু করে। এরই ধারাবাহিকতায় ট্রাকচালকদের জন্য নতুন এই ভিসা চালু করা হয়েছে।

তুরস্কের পরিবহন ও অবকাঠামো মন্ত্রণালয় জানিয়েছে, নিবন্ধিত পরিবহন খাতের চালকেরা ইউ-নেট (U-Net) অটোমেশন সিস্টেমের মাধ্যমে নতুন ক্যাটাগরির এই ভিসার জন্য আবেদন করতে পারবেন। ইতোমধ্যে বেশ কয়েকটি তুর্কি পরিবহন প্রতিষ্ঠান সৌদি আরবমুখী বাণিজ্য কার্যক্রম জোরদার করেছে।

নতুন ভিসা নীতির আওতায় ৩০০ সৌদি রিয়াল (প্রায় ৭৯ দশমিক ৮৮ মার্কিন ডলার) ফিতে এক বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ল্যান্ড ট্রান্সপোর্ট ভিসা দেওয়া হবে। পাশাপাশি একবার প্রবেশের জন্য প্রযোজ্য ট্রানজিট ভিসা সম্পূর্ণ বিনামূল্যে দেবে সৌদি কর্তৃপক্ষ।

বর্তমানে ট্রানজিট ভিসায় সৌদি আরবে সর্বোচ্চ চার দিন অবস্থানের সুযোগ রয়েছে। তবে সৌদি আরবের বিশাল ভৌগোলিক আয়তন, চালকদের বিশ্রাম এবং যানবাহনের যান্ত্রিক নিরাপত্তার বিষয় বিবেচনায় নিয়ে এ সময়সীমা ১৫ দিনে উন্নীত করার অনুরোধ জানিয়েছে তুরস্ক। একই সঙ্গে ভিসা প্রক্রিয়ায় যুক্ত বিভিন্ন থার্ড-পার্টি এজেন্সির অতিরিক্ত সার্ভিস ফি কমিয়ে যৌক্তিক ও সাশ্রয়ী পর্যায়ে আনার বিষয়েও দুই দেশের সরকারের মধ্যে ইতিবাচক আলোচনা চলছে।

বাণিজ্যসংশ্লিষ্টদের মতে, সৌদি সরকারের এই পদক্ষেপ দুই দেশের মধ্যকার বার্ষিক বাণিজ্যিক লেনদেনকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

ফের বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির আরও অবনতি হওয়ায় আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলার ছাড়িয়েছে। এর ফলে... বিস্তারিত