ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

মধ্যস্থতায় ২০ জেলায় মামলা কমেছে ৬২ শতাংশ: আইনমন্ত্রী

২০২৬ জুলাই ২১ ১৩:০৬:৩১

মধ্যস্থতায় ২০ জেলায় মামলা কমেছে ৬২ শতাংশ: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: মামলাপূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতা (মিডিয়েশন) কার্যক্রম চালুর ফলে পাইলট প্রকল্পের আওতায় থাকা ২০ জেলায় বিভিন্ন ধরনের মামলার গড় হার ৬২ দশমিক ২ শতাংশ কমেছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, এই কার্যক্রমের ধারা অব্যাহত থাকলে আগামী এক বছরের মধ্যে দেশের বিচার বিভাগে চলমান মামলার জট উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব হবে।

মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে আরও ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, বর্তমানে দেশে প্রায় সাড়ে ৪৫ লাখ মামলা বিচারাধীন রয়েছে, যা বিচার বিভাগের জন্য বড় ধরনের চাপ সৃষ্টি করেছে। নতুন মামলা দায়েরের প্রবণতা কমাতে প্রি-ট্রায়াল বা মামলা দায়েরের আগেই মধ্যস্থতা কার্যকর ভূমিকা রাখছে।

তিনি জানান, পাইলট প্রকল্পের আওতায় ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত পারিবারিক আদালত আইনে ৩ হাজার ৫৫৯টি মামলা দায়ের হলেও ২০২৬ সালের একই সময়ে তা কমে দাঁড়িয়েছে ১ হাজার ৭৪৪টিতে, যা ৫১ শতাংশ হ্রাস। একই সময়ে বণ্টনসংক্রান্ত দেওয়ানি মামলা ২ হাজার ১টি থেকে কমে ৬৬১টিতে নেমে এসেছে, অর্থাৎ প্রায় ৬৭ শতাংশ কমেছে। পাশাপাশি যৌতুক নিরোধ আইনের মামলাও ৫ হাজার ৬০৫টি থেকে কমে ১ হাজার ৮১০টিতে নেমে এসেছে।

তিনি আরও বলেন, স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেন্যান্সি আইনের প্রিমশন মামলা ১৭টি থেকে কমে ২টিতে, নন-অ্যাগ্রিকালচারাল টেন্যান্সি আইনের মামলা ৩১টি থেকে ১৪টিতে এবং পিতা-মাতার ভরণ-পোষণ আইনের মামলা ৪৩টি থেকে ৩৫টিতে নেমে এসেছে।

মো. আসাদুজ্জামান বলেন, মামলা দায়েরের আগেই বিরোধ নিষ্পত্তি করা গেলে আদালতে নতুন মামলার চাপ অনেকটাই কমবে। একই সঙ্গে আদালতে বিচারাধীন যেসব মামলা আপসযোগ্য, সেগুলোও আইনজীবী বা জেলা লিগ্যাল এইডের মাধ্যমে মধ্যস্থতার জন্য পাঠানো উচিত।

তিনি আশা প্রকাশ করে বলেন, এই কার্যক্রম আরও জোরদার করা গেলে আগামী এক বছরে বিচারাধীন সাড়ে ৪৫ লাখ মামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব হবে, যা বিচার বিভাগের জন্য আশার আলো হয়ে উঠবে।

আইনমন্ত্রী বলেন, মধ্যস্থতার মাধ্যমে মানুষ দ্রুত, কম খরচে এবং হয়রানিমুক্তভাবে বিরোধের সমাধান পাচ্ছেন। এতে বিচারপ্রার্থীদের আর্থিক ক্ষতিও কমছে।

গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, লিগ্যাল এইডের মাধ্যমে পরিচালিত মধ্যস্থতা কার্যক্রম সম্পর্কে জনগণকে আরও বেশি জানাতে হবে। একই সঙ্গে সরকার যে অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনা খরচে আইনি সহায়তা নিশ্চিত করছে, সেই বার্তাও মানুষের কাছে পৌঁছে দেওয়া প্রয়োজন।

কক্সবাজারে এক লাখের বেশি বিচারাধীন মামলার প্রসঙ্গ তুলে আইনমন্ত্রী বলেন, আগামী সেপ্টেম্বরের শেষ নাগাদ ওই জেলার বিচারাধীন মামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনতে সংশ্লিষ্ট বিচারক ও কর্মকর্তাদের কার্যকর উদ্যোগ নিতে হবে।

মধ্যস্থতা কার্যক্রমে দুর্নীতির বিষয়ে সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, এই কার্যক্রমে কোনো ধরনের দুর্নীতির ক্ষেত্রে সরকারের জিরো টলারেন্স নীতি বহাল থাকবে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

ফের বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির আরও অবনতি হওয়ায় আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলার ছাড়িয়েছে। এর ফলে... বিস্তারিত