ঢাকা, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
আমাকে নিয়ে যারা ট্রল করেছে তারা কেউ পরীক্ষার্থী না: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, জাতিকে সুশিক্ষিত করে গড়ে তোলার দায়িত্ব বর্তমান সরকারের ওপর ন্যস্ত। এ দায়িত্ব পালনের ক্ষেত্রে ট্রল, সমালোচনা বা অপবাদ কোনোভাবেই তাদের পথচলা থেকে বিচ্যুত করতে পারবে না।
শনিবার (১৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সদর উপজেলা অডিটোরিয়ামে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাকে নিয়ে ট্রল শুরু হয়ে গেল। যারা ট্রল করা শুরু করল তারা কেউ পরীক্ষার্থী না। ঢাকার আইডিয়াল কলেজ, ল্যাবরেটরি স্কুল বা ভিকারুননিসা নূন স্কুল কাউকে দেখিনি আন্দোলন করতে। এভাবে আন্দোলন করে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চেয়েছিল।’
তিনি বলেন, ‘২০০১-০৬ সাল পর্যন্ত বেগম খালেদা জিয়ার সময় শিক্ষামন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলাম। বর্তমানে তার সন্তান তারেক রহমানের সময় মন্ত্রীর দায়িত্ব পালন করছি। কীভাবে আপনারা ভাবতে পারেন অন্যায়কে প্রশ্রয় দিতে আমাকে নির্দেশ দেওয়া হবে- নিশ্চয় না। আপনারা আপনাদের অবস্থানে কঠিন থাকুন। লেখাপড়া আমাদের করতে হবে এবং তার মানোন্নয়ন করতে হবে।’
পরীক্ষা স্থগিতের দাবির প্রসঙ্গ তুলে শিক্ষামন্ত্রী বলেন, বৃষ্টির কারণে এক পরীক্ষার্থী তাকে ফোন করে পরীক্ষা বন্ধ করার অনুরোধ করেছিলেন। জবাবে তিনি নিজের মেয়ে তানজিদার উদাহরণ দিয়ে জানতে চেয়েছিলেন, বৃষ্টিতে পরীক্ষার্থীদেরও জ্বর আসে কি না। তিনি বলেন, ‘বিভিন্ন জনের সঙ্গে কথা বলেছি- পরীক্ষা বন্ধ করার প্রয়োজন নেই। পরে তাকে সান্ত্বনা দিলাম লক্ষ্মী মা আমার পড়ার টেবিলে বসো এবং মাকে বলো এক কাপ কফি তৈরি করে দিতে। কিন্তু শিক্ষার্থীরা এক ধরনের এ ন্যারোটিভকে তারা নেগেটিভে নিয়ে গেল। জাতি যদি এভাবে অর্ধকানা হয়ে যায় তাহলে তো আমাদের ভবিষ্যৎ ভালো হবে না।’
এর আগে বেলা সাড়ে ১১টায় নওগাঁ শহরের বরুনকান্দি এলাকায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে জাতীয় ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে পায়রা ও বেলুন উড়িয়ে উদ্বোধন এবং ফলক উন্মোচন করা হয়। এরপর প্রধান অতিথিসহ অন্য অতিথিরা বিশ্ববিদ্যালয়ের নতুন শ্রেণিকক্ষ, আধুনিক গ্রন্থাগার ও কম্পিউটার ল্যাব পরিদর্শন করেন। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মধ্যে আমগাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহা. হাছানাত আলী।
এ সময় বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আব্দুল খালেক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু, নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য রেজাউল ইসলাম এবং নওগাঁ জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক নান্নুসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকেরা।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- ৩৫০০ টাকায় পর্নোগ্রাফির ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন সুমাইয়া
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ