ঢাকা, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইমদাদ-সিতারা খান বৃত্তি প্রদান অনুষ্ঠান

২০২৬ জুলাই ১৮ ১৬:৩৯:৪৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইমদাদ-সিতারা খান বৃত্তি প্রদান অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: ইমদাদ-সিতারা খান ফাউন্ডেশনের অর্থায়নে ‘ইমদাদ-সিতারা খান বৃত্তি প্রদান’ অনুষ্ঠান শনিবার (১৮ জুলাই ২০২৬) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৮৩৫ জন মেধাবী শিক্ষার্থীর হাতে বৃত্তি তুলে দেওয়া হয়। স্পন্দনবির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

স্পন্দনবির কান্ট্রি ডিরেক্টর অধ্যাপক ড. আমেনা বেগমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক সদস্য অধ্যাপক ড. এহসানুল হক। স্বাগত বক্তব্য দেন স্পন্দনবির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর মো. মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে ইমদাদ-সিতারা খান ফাউন্ডেশনের চেয়ারপার্সন সিতারা খান, সভাপতি মারুফা কানিজ এবং উপদেষ্টাবৃন্দ ভার্চুয়ালি যুক্ত ছিলেন। এছাড়া বক্তব্য দেন ফাউন্ডেশনের সদস্য এ কে এম আশিকুর রহমান মজুমদার, ড. কায়সার আহমেদ রকী, ড. তাহসিনা ফারাহ সনম, ব্র্যাকের সিনিয়র ম্যানেজার মনসুর হাসান খন্দকার এবং মানুষের জন্য ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর মিসেস শাহিন আনাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রোগ্রাম মনিটর শাপলা খাতুন।

বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের জন্য ইমদাদ-সিতারা খান ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের কল্যাণে ফাউন্ডেশন যে কাজ করে যাচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়।

উপাচার্য শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়ে বলেন, পরমতসহিষ্ণুতা, নিয়মানুবর্তিতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে সমাজ পরিবর্তনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

উল্লেখ্য, অধ্যাপক ড. ইমদাদুল হক খান (ড. ইমদাদ খান) ছিলেন একজন বিশিষ্ট গবেষক ও পদার্থবিজ্ঞানী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ইম্পেরিয়াল কলেজ লন্ডন, মহাকাশ গবেষণা সংস্থা নাসাসহ বিশ্বের বিভিন্ন খ্যাতিমান বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানে গবেষক হিসেবে কাজ করেন।

বাংলাদেশের সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদানের লক্ষ্যে তিনি ২০০৪ সালে ‘ইমদাদ-সিতারা খান ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেন। ২০০৬ সালে তিনি ইন্তেকাল করেন। এর আগে ফাউন্ডেশনের দায়িত্ব তিনি তাঁর সহধর্মিণী সিতারা খানের কাছে হস্তান্তর করে যান।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববিদ্যালয় এর অন্যান্য সংবাদ

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক বাজারে টানা ঊর্ধ্বগতির পর বুধবার স্বর্ণের দাম কমেছে। তেলের দাম বাড়তে থাকায় মূল্যস্ফীতি এবং যুক্তরাষ্ট্রের সুদের হার... বিস্তারিত