ঢাকা, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
ঢাবির জসীমউদ্দীন হলের ক্যান্টিনের খাবারে মিলল ব্লেড
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের পর এবার জসীমউদ্দীন হলের ক্যান্টিনের খাবারে ব্লেড পাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্যান্টিন মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে হল প্রশাসন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে হলটির এক শিক্ষার্থী খাবার খাওয়ার সময় ব্লেডটি দেখতে পান। জানা যায়, ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শরিফুল ইসলাম কেডি ক্যান্টিনে হাঁসের মাংস ও সবজি অর্ডার করেছিলেন। সবজি খাওয়ার পর হাঁসের মাংস নিতে গিয়ে খাবারের মধ্যে ব্লেডের অর্ধেক অংশ দেখতে পান তিনি। পরে বিষয়টি হলের সিনিয়র শিক্ষার্থী ও ক্যান্টিনের ম্যানেজারকে জানান।
ঘটনার বর্ণনা দিয়ে শরিফুল ইসলাম কেডি বলেন, ‘রাতে ভাবছিলাম ৭১ হলে গিয়ে খাব। কিন্তু আমাদের হলের ক্যান্টিনের মালিক পরিবর্তন হয়েছে শুনে এখানেই খেয়ে দেখার সিদ্ধান্ত নিই। হাঁসের মাংস ও সবজি অর্ডার করি। সবজি খাওয়ার পর হাঁসের মাংস নিতে গিয়ে দেখি সেখানে ব্লেডের অর্ধেক অংশ। সঙ্গে সঙ্গে হলের সিনিয়র ভাইদের ডাকি। পরে ক্যান্টিনের ম্যানেজারকে বিষয়টি দেখাই। তিনি বাবুর্চিকে ডেকে বকাঝকা করেন এবং আমার খাবার বদলে দেন।’
তিনি আরও বলেন, ‘খাবারে সাধারণত পোকা পাওয়ার ঘটনা দেখা যায়। কিন্তু ব্লেড পাওয়াটা অস্বাভাবিক।’ প্রমাণ হিসেবে তিনি ব্লেডটির ছবি তুলে হলের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করেন। পরে বিষয়টি হল প্রশাসন ও হল সংসদের ভিপির নজরে আসে।
এ বিষয়ে জসীমউদ্দীন হল সংসদের ভিপি মো. উসমান গণি বলেন, হল প্রশাসন ক্যান্টিন মালিক ও বাবুর্চিদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছে। তারা খাবারে ব্লেড থাকার বিষয়টি অস্বীকার করেছেন। দীর্ঘদিন বিভিন্ন হলের ক্যান্টিনে কাজ করলেও এমন ঘটনা আগে কখনো দেখেননি বলেও জানিয়েছেন।
উসমান গণি বলেন, সম্প্রতি হলের খাবারের মান নিয়ে অভিযোগ থাকায় নতুন ক্যান্টিন মালিক আনা হয়েছে। খাবারের মানও আগের তুলনায় উন্নত হয়েছে। এর মধ্যেই খাবারে ব্লেড পাওয়ার বিষয়টি অস্বাভাবিক। মহসীন হলেও কিছুদিন আগে একইভাবে অর্ধেক ব্লেড পাওয়া গিয়েছিল। অনেকেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে হল সংসদকে প্রশ্নবিদ্ধ করার জন্য এমনটা করতে পারে বলেও তিনি সন্দেহ প্রকাশ করেন।
ঘটনার পর ক্যান্টিন মালিককে তাৎক্ষণিকভাবে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান উসমান গণি। তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজও পরীক্ষা করা হবে। ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে খাবারটি কে এনেছিল, কীভাবে পরিবেশন করা হয়েছিল এবং সংশ্লিষ্ট ব্যক্তির আচরণ কেমন ছিল, তা যাচাই করে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের চেষ্টা করা হবে।
এ বিষয়ে জসীমউদ্দীন হলের প্রাধ্যক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।
এর আগে গত ৫ জুলাই শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ক্যান্টিনের খাবারেও ব্লেড পাওয়ার অভিযোগ ওঠে। ওই হলের আবাসিক শিক্ষার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বাঁধন অভিযোগ করেন, সেদিন রাত সাড়ে ১০টার দিকে হলের প্রধান ক্যান্টিন থেকে ভাত, খিচুড়ি, কালাভুনা ও সবজি নিয়ে খাওয়ার সময় তরকারির মধ্যে একটি ধারালো ব্লেড দেখতে পান। পরে তিনি রুমমেটদের বিষয়টি দেখান এবং ঘটনার ছবি তুলে হলের শিক্ষার্থীদের ফেসবুক গ্রুপে প্রকাশ করেন।
বাঁধন বলেন, ‘আমি প্রথমে কিছুটা খাবার খেয়েছিলাম। পরে তরকারি দিয়ে খাওয়ার সময় হঠাৎ দেখি খাবারের মধ্যে ব্লেডের মতো একটি ধারালো বস্তু রয়েছে। সঙ্গে সঙ্গে রুমমেটদের ডেকে দেখাই। পরে ঘটনার ছবি তুলে হলের গ্রুপে পোস্ট করি।’
তিনি আরও বলেন, ‘এটি খুবই ভয়াবহ একটি ঘটনা। ব্লেডটি যদি অসাবধানতাবশত মুখে চলে যেত, তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। এমন ঘটনা অন্য কারও সঙ্গেও ঘটতে পারে।’
শহীদ সার্জেন্ট জহুরুল হক হল সংসদের ভিপি আহসান হাবিব বলেন, তারা নিয়মিত হলের ক্যান্টিনগুলো তদারকি করছেন। ঘটনার আগের দিনও একটি অভিযান চালানো হয়েছিল। তখন বড় কোনো সমস্যা চোখে পড়েনি।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম কত? জানুন বিস্তারিত
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- চট্রগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- আজকের খেলার সময়সূচি (১৩ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (১২ জুলাই)