ঢাকা, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
নতুন করে ৯ জেলায় বন্যার সতর্কতা দিল আবহাওয়া অধিদপ্তর
নিজস্ব প্রতিবেদক: পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সুরমা নদীর পানি কমতে শুরু করায় সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতির সম্ভাবনা তৈরি হয়েছে। তবে আগামী ১৯ থেকে ২৩ জুলাইয়ের মধ্যে দেশের ৯ জেলার নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।
বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রকাশিত কেন্দ্রের নিয়মিত বুলেটিনে বলা হয়, কুশিয়ারা নদী সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপৎসীমার ৩১ সেন্টিমিটার এবং সুনামগঞ্জের মারকুলি পয়েন্টে বিপৎসীমার ১৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক কর্মকর্তা জানান, বর্তমানে যে দুটি পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ওপরে রয়েছে, সেখানে পানির স্তর দ্রুত কমতে পারে। উজানে ভারত থেকে পানির ঢল না থাকা এবং বৃষ্টিপাত কমে যাওয়ায় সিলেট ও সুনামগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হলেও আগামী তিন দিনে এ দুই জেলায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা নেই বলেও তিনি উল্লেখ করেন।
কেন্দ্রের তথ্যমতে, বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেলেও সুরমা নদীর পানি কমেছে এবং আগামী তিন দিন এ প্রবণতা অব্যাহত থাকতে পারে। ফলে আগামী ২৪ ঘণ্টায় সিলেট ও সুনামগঞ্জ জেলার সুরমা-কুশিয়ারা নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হতে পারে।
এদিকে গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা এবং গঙ্গা-পদ্মা নদীর পানি বেড়েছে। আগামী পাঁচ দিন এ প্রবণতা অব্যাহত থাকতে পারে, তবে নদীগুলো বিপৎসীমার নিচ দিয়েই প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
একই সময়ে উত্তর-পূর্বাঞ্চলের মনু, ধলাই, খোয়াই ও সারিগোয়াইন নদীর পানি বৃদ্ধি পেলেও আগামী তিন দিন তা কমতে পারে। অন্যদিকে রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি কমেছে এবং এ ধারা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে।
বন্যা পূর্বাভাস কেন্দ্র আরও জানিয়েছে, বরিশাল ও খুলনা বিভাগের উপকূলীয় কীর্তনখোলা, লোয়ার-মেঘনা, পশুর, ইছামতিসহ বিভিন্ন নদীর পানি বর্তমানে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং স্বাভাবিক জোয়ার বিরাজ করছে। তবে আগামী তিন দিন এসব নদীতে স্বাভাবিকের তুলনায় বেশি জোয়ার থাকতে পারে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী (পুর) সরদার উদয় রায়হান বলেন, চলতি সপ্তাহের দ্বিতীয়ার্ধে (১৯-২৩ জুলাই) তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেয়ে কিছু স্থানে বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।
তিনি আরও জানান, একই সময়ে সুরমা-কুশিয়ারা নদীর পানি বাড়লেও নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। এছাড়া ব্রহ্মপুত্র-যমুনা নদী কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়ার কিছু স্থানে সতর্কসীমার কাছাকাছি প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, ভারত আবহাওয়া অধিদপ্তর এবং বৈশ্বিক আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এবং আগামী দুই দিনে এটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। ১৬ থেকে ২৩ জুলাইয়ের মধ্যে রংপুর, রাজশাহী, সিলেট ও ময়মনসিংহ বিভাগ এবং ভারতের আসাম, মেঘালয়, অরুণাচল ও হিমালয়-পাদদেশীয় পশ্চিমবঙ্গে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম কত? জানুন বিস্তারিত
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- আজকের খেলার সময়সূচি (১০ জুলাই)
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- চট্রগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- আজকের খেলার সময়সূচি (১৩ জুলাই)