ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক: এক বছর দায়িত্ব পালনের পর ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া স্ভিরিডেনকো পদত্যাগ করেছেন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অনুরোধে তিনি এ সিদ্ধান্ত নেন। মঙ্গলবার (১৪ জুলাই) দেশটির পার্লামেন্ট তার পদত্যাগপত্র গ্রহণ করেছে।
তবে সরকারের শীর্ষ পর্যায়ে এই আকস্মিক পরিবর্তনের পেছনে প্রেসিডেন্ট জেলেনস্কি স্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি। তিনি শুধু বলেছেন, দেশের রাজনৈতিক কৌশলে পরিবর্তন আসছে এবং সে কারণে নতুন নেতৃত্বের প্রয়োজন। হঠাৎ নেওয়া এই সিদ্ধান্তে পার্লামেন্টের বেশ কয়েকজন আইনপ্রণেতা উষ্মা ও উদ্বেগ প্রকাশ করেছেন।
৪০ বছর বয়সী অর্থনীতিবিদ ইউলিয়া স্ভিরিডেনকো বিদায়ী বক্তব্যে বলেন, চলতি বছরের প্রতিটি দিনই কঠিন সিদ্ধান্ত ও নিষ্পত্তিমূলক পদক্ষেপের দাবি জানিয়েছে। তার ওপর আস্থা রাখার জন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, তিনি সবসময় ফলাফলের ওপর বিশ্বাস রেখে কাজ করেছেন।
স্ভিরিডেনকো এক বছর আগে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। এর কয়েক মাস আগেই ইউক্রেনের শীর্ষ কর্মকর্তাদের জড়িয়ে বড় ধরনের একটি দুর্নীতি কেলেঙ্কারি প্রকাশ্যে আসে, যা দেশজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছিল।
দায়িত্ব নেওয়ার পর দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলতে যথেষ্ট কঠোর পদক্ষেপ না নেওয়ার অভিযোগে তিনি সমালোচনার মুখে পড়েন। তবে আন্তর্জাতিক অঙ্গনে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে তার সুসম্পর্ক ছিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রেসিডেন্ট জেলেনস্কির দ্বিপাক্ষিক বৈঠকে টানাপোড়েনের পর ওয়াশিংটনের সঙ্গে একটি খনিজ বিনিয়োগ চুক্তি সম্পন্ন করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
বিরোধী দল হোলোস পার্টির আইনপ্রণেতা ইয়ারোস্লাভ ঝেলেজনিয়াক বিদায়ী সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, সরকার প্রতিদিন ফলাফলের প্রতিশ্রুতি দিয়েছিল এবং তারা সেই প্রতিশ্রুতি রক্ষা করেছে—প্রতিদিন নতুন উপস্থাপনা, সংবাদ সম্মেলন এবং দুর্নীতির মামলায় নতুন নতুন সন্দেহভাজনকে সামনে এনে।
স্ভিরিডেনকোর পদত্যাগের ফলে নিয়ম অনুযায়ী পুরো সরকারেরই পতন ঘটেছে। নতুন প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রীয় তেল-গ্যাস কোম্পানি নাফতোগাজের প্রধান সের্হি কোরেতস্কিকে অন্যতম প্রধান দাবিদার হিসেবে দেখা হচ্ছে।
এ ছাড়া সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বর্তমান জ্বালানি মন্ত্রী ও স্ভিরিডেনকোর পূর্বসূরি ডেনিস শমিহাল এবং প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরোভের নামও আলোচনায় রয়েছে।
চার বছরেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধে ইউক্রেন যখন রাশিয়ার জ্বালানি অবকাঠামো ও লজিস্টিকস লক্ষ্য করে দূরপাল্লার হামলার মাধ্যমে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে, ঠিক সেই সময়েই দেশের অভ্যন্তরে এই রাজনৈতিক পরিবর্তন ঘটল।
ইউক্রেনের প্রধানমন্ত্রীর মূল দায়িত্ব দেশের যুদ্ধকালীন অর্থনীতি সচল রাখা এবং রাশিয়ার ধারাবাহিক হামলায় ক্ষতিগ্রস্ত বেসামরিক অবকাঠামো পুনর্গঠন করা।
পদত্যাগের আগে ইউলিয়া স্ভিরিডেনকো সতর্ক করে বলেন, নতুন সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে আসন্ন শীত মৌসুমের প্রস্তুতি নেওয়া। কারণ, রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ গ্রিড ও গ্যাস সংযোগের ওপর হামলা আরও জোরদার করতে পারে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত