ঢাকা, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩
এইচএসসি পরীক্ষা স্থগিত নিয়ে যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: সারা দেশে টানা বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও জলাবদ্ধতার প্রেক্ষাপটে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের বিষয়টি পর্যালোচনা করছে শিক্ষা মন্ত্রণালয়। এ লক্ষ্যে দেশের সব পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিস্থিতির তথ্য সংগ্রহের উদ্যোগ নিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড।
সোমবার (১৩ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বশীল একাধিক সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, টানা বৃষ্টিপাতের ফলে দেশের বিভিন্ন জেলায় বন্যা ও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অনেক স্থানে পরীক্ষার্থীদের হাঁটু পানি মাড়িয়ে কেন্দ্রে যেতে হচ্ছে। এসব পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হলেও বর্তমানে কতটি জেলা বা কেন্দ্র সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সে বিষয়ে মন্ত্রণালয়ের কাছে পূর্ণাঙ্গ তথ্য নেই। তাই প্রথমে সব কেন্দ্রের বাস্তব চিত্র সংগ্রহ করা হবে।
আরও জানানো হয়, পরীক্ষা কেন্দ্রগুলোর প্রকৃত অবস্থা জানাতে শিক্ষা বোর্ডগুলোকে নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সোমবারই এ-সংক্রান্ত নির্দেশনা জারির কথা রয়েছে। বোর্ডগুলোর তথ্য পাওয়ার পর সভা করে পরীক্ষা স্থগিতের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এ বিষয়ে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের উপকমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘সারা দেশের পরীক্ষা কেন্দ্রগুলোর বর্তমান অবস্থা জানতে একটি নির্দেশনা জারি করা হবে। তথ্য পাওয়ার পর সেগুলো কম্পাইল করে মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে। এরপর শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষা স্থগিতের বিষয়ে সিদ্ধান্ত নেবে।’
এদিকে, টানা বৃষ্টিপাত, বন্যা ও জলাবদ্ধতার কারণে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জানিয়েছেন শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষাবিদ ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব। তাদের মতে, কয়েক দিনের জন্য পরীক্ষা পিছিয়ে দেওয়া হলে বড় কোনো সমস্যা হবে না। তবে বর্তমান পরিস্থিতিতে পরীক্ষা দিতে গিয়ে কোনো শিক্ষার্থীর ক্ষতি হলে সেটিই হবে সবচেয়ে বড় উদ্বেগের বিষয়।
সরকারি বিজ্ঞান কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে আসা এক পরীক্ষার্থীর অভিভাবক রেহানা খাতুন বলেন, তার ছেলে আইসিটি পরীক্ষা দিয়ে ফেরার পথে বৃষ্টিতে ভিজে জ্বরে আক্রান্ত হয়েছে। এরপরও তাকে পরীক্ষায় অংশ নিতে হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় শিক্ষা বোর্ডের সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল বলে তিনি মন্তব্য করেন।
পুরান ঢাকার একটি কলেজের পরীক্ষার্থী মোস্তফা কায়সার সানি বলেন, শুধু চট্টগ্রাম নয়, দেশের বিভিন্ন জেলাতেই একই ধরনের পরিস্থিতি বিরাজ করছে। তাই সব শিক্ষা বোর্ডের পরীক্ষা অন্তত এক সপ্তাহ পিছিয়ে দেওয়া উচিত। তার ভাষ্য, দুর্যোগের মধ্যে শিক্ষার্থীদের পরীক্ষায় বসানো ঠিক হবে না।
এদিকে, এইচএসসি পরীক্ষার্থীদের দাবি পুনর্বিবেচনার জন্য শিক্ষামন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসিম উদ্দিন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারি হামিম। সোমবার (১৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পৃথক পোস্টে তারা এ আহ্বান জানান।
সারজিস আলম লিখেছেন, ‘টানা বৃষ্টি ও বন্যার আশঙ্কায় দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ আজ চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। চট্টগ্রামসহ অনেক এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অসংখ্য পরিবার। আবহাওয়া অধিদপ্তরও আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, সিলেটসহ বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। সিলেট ও রংপুর বিভাগের কয়েকটি জেলায় বন্যার পূর্বাভাস রয়েছে।’
তিনি আরও লেখেন, ‘এমন পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষার্থীরা এবং তাদের অভিভাবকরা গভীর উদ্বেগ ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। অনেক জায়গা থেকে পরীক্ষা স্থগিতের দাবিও উঠেছে। আজকে পরীক্ষা দিতে গিয়ে শিক্ষার্থীদের চরম ভোগান্তির ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় নিশ্চয়ই আপনাদের চোখে পড়েছে।’
শিক্ষামন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে সারজিস আলম বলেন, ‘দেশের সার্বিক পরিস্থিতি ও শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাদের দাবিটি পুনর্বিবেচনা করা হোক। পরীক্ষা পেছালে মন্ত্রণালয়ের বার্ষিক অ্যাকাডেমিক পরিকল্পনায় নতুন করে কিছু জটিলতা তৈরি হবে—এটি যেমন সত্য, তেমনি একজন শিক্ষার্থী জীবনে একবারই এইচএসসি পরীক্ষায় অংশ নেয় এবং এই ফলাফল তার ভবিষ্যতের প্রতিটি ধাপে প্রভাব ফেলে—এটিও সত্য।’
তিনি আরও বলেন, ‘কোনো শিক্ষার্থী যেন প্রাকৃতিক দুর্যোগের কারণে লাইফটাইম ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি। অন্যথায় প্রাকৃতিক দুর্যোগ ও বৈরী আবহাওয়ার কারণে শিক্ষার্থীদের কোনো ধরনের ক্ষতি হলে তার দায় শিক্ষা মন্ত্রণালয় এড়াতে পারবে না।’
অন্যদিকে শেখ তানভীর বারি হামিম তার পোস্টে লেখেন, ‘মাননীয় শিক্ষামন্ত্রী, এইচএসসি পরীক্ষার্থীদের দাবিটি মানবিক দৃষ্টিকোণ থেকে পুনর্বিবেচনার অনুরোধ করছি। টানা বৃষ্টিপাত এবং সম্ভাব্য বন্যা পরিস্থিতির কারণে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ বর্তমানে চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। চট্টগ্রামসহ অনেক এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে, পাশাপাশি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে ভোগান্তিতে পড়েছেন অসংখ্য মানুষ।’
তিনি আরও বলেন, ‘আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে সিলেট ও রংপুর বিভাগের কয়েকটি জেলায় বন্যার আশঙ্কাও তৈরি হয়েছে। এমন প্রতিকূল পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা চরম উদ্বেগ ও অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।’
শেখ তানভীর বারি হামিম লেখেন, ‘বিভিন্ন স্থান থেকে পরীক্ষা স্থগিত বা পিছিয়ে দেওয়ার দাবিও উঠেছে। আজ পরীক্ষায় অংশ নিতে গিয়ে শিক্ষার্থীদের যে দুর্ভোগের শিকার হতে হয়েছে, তার ভিডিও ও চিত্র নিশ্চয়ই সবার নজরে এসেছে। শিক্ষামন্ত্রীর প্রতি বিনীত অনুরোধ, দেশের বর্তমান পরিস্থিতি এবং শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এইচএসসি পরীক্ষার্থীদের দাবিটি পুনরায় বিবেচনা করা হোক।’
তিনি আরও বলেন, ‘পরীক্ষার সময়সূচি পরিবর্তন করলে শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত অ্যাকাডেমিক পরিকল্পনায় কিছুটা জটিলতা তৈরি হতে পারে-এটি সত্য। তবে এটিও মনে রাখা প্রয়োজন যে, একজন শিক্ষার্থী তার জীবনে একবারই এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং এই পরীক্ষার ফলাফল তার উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলে।’
সবশেষে তিনি বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগ বা বৈরি আবহাওয়ার কারণে কোনো শিক্ষার্থীর ভবিষ্যৎ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য প্রয়োজনীয় ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম মিশর খেলা সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- পর্তুগাল বনাম স্পেনের খেলা চলছে, LIVE দেখুন এখানে
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- পর্তুগাল বনাম স্পেন খেলা সরাসরি দেখবেন যেভাবে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- আজকের খেলার সময়সূচি (১০ জুলাই)
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- আজকের খেলার সময়সূচি (৭ জুলাই)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- চট্রগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত