ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বিএনপির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ নাহিদ ইসলামের
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, বিএনপি অতীতে বিভিন্ন গণঅভ্যুত্থান থেকে রাজনৈতিকভাবে লাভবান হলেও ক্ষমতায় গিয়ে জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, বিএনপির ইতিহাস প্রতারণার ইতিহাস।
শনিবার (১১ জুলাই) বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে ১১ দলীয় জোট আয়োজিত বিভাগীয় সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ১৯৯০ সালের গণঅভ্যুত্থানের পর তত্ত্বাবধায়ক সরকারের দাবি ছিল সর্বজনীন। সেই ব্যবস্থার মাধ্যমেই বিএনপি ক্ষমতায় এলেও পরবর্তীতে তারাই তত্ত্বাবধায়ক সরকারকে অস্বীকার করে। এর ফল হিসেবে গত ১৬ বছর দলটিকে একই দাবিতে রাজপথে আন্দোলন ও নির্যাতনের মুখোমুখি হতে হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, গণভোট, সংস্কার এবং জুলাই সনদের কারণেই বিএনপি ক্ষমতায় এসেছে। তবে এখন তারা গণভোটের রায়, ৩১ দফা, জুলাই সনদ এবং গণতন্ত্রের সঙ্গে প্রতারণা করছে।
দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, দেশে বিদ্যুৎ সংকট তীব্র হয়েছে, মানুষ আবার হারিকেন জ্বালাতে বাধ্য হচ্ছে। সরকার বিদ্যুৎ সরবরাহ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক সংস্কারের সুস্পষ্ট রূপরেখা দিতে ব্যর্থ হয়েছে বলেও তিনি দাবি করেন।
বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, সরকার দেশ পরিচালনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলা, কর্মসংস্থান সৃষ্টি এবং সংস্কার কার্যক্রমে ব্যর্থ হয়েছে। তাঁর মতে, দেশ পরিচালনায় সফল হতে হলে অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন, অর্থনৈতিক সংস্কার এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি তরুণদের জন্য কর্মসংস্থান নিশ্চিত করতে হবে।
সীমান্ত হত্যা ও পুশ-ইন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, সীমান্ত হত্যা ও পুশ-ইন প্রতিরোধে ব্যর্থ হলে নিজেদের দল থেকে ‘জাতীয়তাবাদী’ শব্দটি বাদ দেওয়া উচিত। তিনি অভিযোগ করেন, জাতীয়তাবাদের নামে রাজনীতি করা হলেও সীমান্ত সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখা হচ্ছে না।
গণভোটের রায় বাস্তবায়নে রাজপথে থাকার ঘোষণা দিয়ে তিনি বলেন, সংসদের ভেতরে ও বাইরে যত প্রতিকূলতাই থাকুক, গণভোটের রায় ও সংস্কার বাস্তবায়নের আন্দোলন অব্যাহত থাকবে।
শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, একটি সাক্ষাৎকারে তিনি দেশে ফেরার পরিকল্পনার কথা শুনেছেন। এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা ফাঁসির দড়ি রেডি করে অপেক্ষা করছি। আপনি ডিসেম্বরে আসুন আর যখনই আসুন, ফাঁসির দড়িতে তাকে ঝুলতেই হবে।’
তিনি আরও বলেন, ব্যারিস্টার ফুয়াদ এ বিষয়ে আরও ভালো বলতে পারবেন। তাঁর ভাষ্য অনুযায়ী, বাংলার ৮০০ বছরের ইতিহাসে লক্ষ্মণ সেনের পর শেখ হাসিনা দ্বিতীয় শাসক, যিনি বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। তাঁর দাবি, বাংলাদেশ থেকে যে পালিয়ে যায়, সে আর দেশে ফিরে আসে না।
দুপুর ২টায় শুরু হওয়া এ সমাবেশে স্থানীয় সংসদ সদস্যসহ ১১ দলের বিভিন্ন স্তরের নেতারা বক্তব্য দেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল