ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩

সব মাদরাসার অব্যবহৃত জমিতে খেলার মাঠ তৈরির নির্দেশ সরকারের

২০২৬ জুলাই ১১ ১১:২৮:৪১

সব মাদরাসার অব্যবহৃত জমিতে খেলার মাঠ তৈরির নির্দেশ সরকারের

নিজস্ব প্রতিবেদক: দেশের সব সরকারি ও এমপিওভুক্ত বেসরকারি মাদরাসায় খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে অব্যবহৃত জমিতে খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে মাদরাসা শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে শুধু তাদের অংশগ্রহণে জাতীয় পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্প্রতি মাদরাসা শিক্ষা অধিদপ্তর এ-সংক্রান্ত নির্দেশনা দেশের সব সরকারি ও এমপিওভুক্ত বেসরকারি মাদরাসার অধ্যক্ষ, সুপার এবং এবতেদায়ি প্রধানদের কাছে পাঠিয়েছে। পাশাপাশি বিষয়টি বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদেরও নির্দেশ দেওয়া হয়েছে।

অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের গত ৭ জুলাই জারি করা এক চিঠির আলোকে এ নির্দেশনা দেওয়া হয়েছে। ওই চিঠিতে উল্লেখ করা হয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় দেশের সব মহানগর ও গ্রামীণ এলাকায় খেলার মাঠের সুব্যবস্থাকরণে কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের কোনো অব্যবহৃত জমি থাকলে তা জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) নকশা অনুসরণ করে খেলার মাঠে রূপান্তরের উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে বিভাগের আওতাধীন যেসব জমিতে খেলার মাঠ নির্মাণ করা সম্ভব, সেসব জমির পরিমাণ, তফসিল এবং মৌজা ম্যাপে অবস্থান চিহ্নিত করে সংশ্লিষ্ট তথ্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠাতে হবে।

এ ছাড়া বিভাগের অধীন ব্যবহৃত খেলার মাঠগুলো প্রয়োজন অনুযায়ী সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের মাধ্যমে সংস্কার করে খেলাধুলার উপযোগী করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, মাদরাসা শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে শুধু তাদের অংশগ্রহণে জাতীয় পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত