ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

সম্পদ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের জবাবে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

২০২৬ জুলাই ০৭ ১৩:০৯:৩৩

সম্পদ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের জবাবে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপির সম্পদ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে তার দাখিল করা হলফনামা এবং পারিবারিক ব্যবসার বর্তমান অবস্থা সম্পর্কে ব্যাখ্যা দেওয়া হয়েছে।

ব্যাখ্যায় বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নামে ১ হাজার ৮২৪ শতাংশ সম্পত্তি এবং ১২টি ব্যবসা প্রতিষ্ঠানের তথ্য উল্লেখ রয়েছে।

এতে আরও বলা হয়, প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর স্বার্থের সংঘাত (কনফ্লিক্ট অব ইন্টারেস্ট) এড়াতে তিনি পারিবারিক ব্যবসার মালিকানা ও ব্যবস্থাপনা থেকে লিখিতভাবে সরে দাঁড়ান। পরবর্তীতে প্রতিষ্ঠানগুলোর শেয়ার, পরিচালনা এবং সার্বিক মালিকানাসহ সব দায়িত্ব পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে পারিবারিক ব্যবসা পরিবারের অন্যান্য সদস্যরা পরিচালনা করছেন।

ব্যাখ্যায় উল্লেখ করা হয়, বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী মীর পরিবার দীর্ঘদিন ধরে এ অঞ্চলের অন্যতম প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও সম্পদশালী পরিবার হিসেবে পরিচিত। উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত সম্পদের পাশাপাশি কৃষি, শিল্প এবং বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের মাধ্যমে পরিবারটি বহু বছর ধরে ব্যবসা পরিচালনা করে আসছে।

হলফনামায় উল্লেখিত ১২টি প্রতিষ্ঠান হলো রোমা অটো রাইস মিল, রূপসী রাইস অ্যান্ড পুষ্টি মিলস লিমিটেড, রূপসী ফ্লাওয়ার মিল, মীর সীমান্ত-দিগন্ত ফিলিং স্টেশন, মীর লাবনী-সুনাত ফিলিং স্টেশন, মীর দিগন্ত ট্রেডিং এজেন্সি, উত্তর বাংলা ওভারসিজ লিমিটেড, রূপসী কৃষি খামার, রূপসী মৎস্য খামার, রূপসী কংক্রিট ব্রিকস ফ্যাক্টরি, রূপসী মিনি কোল্ড স্টোরেজ এবং রূপসী প্রাণী খামার।

ব্যাখ্যায় আরও বলা হয়, ব্যবসার পুনর্বিন্যাসের অংশ হিসেবে জাতীয় নির্বাচনের আগে, ২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে পরিবারের মালিকানাধীন রোমা অটো রাইস মিল ৪২ কোটি টাকায় বিক্রি করা হয়। নিবন্ধিত দলিলের মাধ্যমে বিক্রয় কার্যক্রম সম্পন্ন হয়েছে। মিলটির ক্রেতা বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকার গণেশপুর গ্রামের রাইস মিল ব্যবসায়ী রবিউল আলম। তার ভাষ্য অনুযায়ী, তিনি ২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ৪২ কোটি টাকায় মিলটি ক্রয় করেন এবং মালামালসহ প্রতিষ্ঠানের সব দায়িত্ব বুঝে নেন।

সম্পদ নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদনের প্রসঙ্গে ব্যাখ্যায় দাবি করা হয়, ওই প্রতিবেদনে হলফনামার তথ্য আংশিকভাবে উপস্থাপন করা হয়েছে। সেখানে বলা হয়, হলফনামায় ১ হাজার ৮২৪ শতাংশ সম্পত্তি এবং ১২টি ব্যবসা প্রতিষ্ঠানের তথ্য থাকলেও প্রতিবেদনে মাত্র ৩১ শতাংশ সম্পত্তির তথ্য উল্লেখ করা হয়েছে, যা সম্পদের প্রকৃত চিত্র তুলে ধরে না। ব্যাখ্যায় আরও দাবি করা হয়, ভিন্ন কোনো উদ্দেশ্যে হলফনামার পূর্ণাঙ্গ তথ্য উপস্থাপন করা হয়নি।

এ ছাড়া প্রতিমন্ত্রীর নামে নতুন করে ২৪২ শতাংশ জমি ক্রয়ের যে দাবি করা হয়েছে, সেটিও সঠিক নয় বলে ব্যাখ্যায় উল্লেখ করা হয়। এতে বলা হয়, আলোচিত জমিটি ব্যক্তি হিসেবে মীর শাহে আলমের নামে নয়; বরং রূপসী রাইস অ্যান্ড পুষ্টি মিলস লিমিটেডের নামে ক্রয় করা হয়েছে। প্রতিমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর থেকে ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা বা ব্যবসায়িক কার্যক্রমের সঙ্গে তার ব্যক্তিগত কোনো সম্পৃক্ততা নেই বলেও দাবি করা হয়।

প্রতিমন্ত্রী ও তার পরিবারের পক্ষ থেকে বলা হয়, কারো প্ররোচনায় হীন উদ্দেশ্যে কোনো ধারণাকে সংবাদ হিসেবে প্রচার করা সমীচীন নয়। তাদের মতে, ধারণা কখনো সংবাদ হতে পারে না; প্রকৃত তথ্যই সংবাদ। অসত্য তথ্য ও সম্মানহানিকর বর্ণনা ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র এবং রাজনীতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এ কারণে গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

ব্যাখ্যায় আরও বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান বিএনপি সরকারের আমলে স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার সুযোগ রয়েছে। তবে উদ্দেশ্যপ্রণোদিত অপসংবাদিকতা নীতিবহির্ভূত ও আইনবিরোধী বলে তারা মনে করেন। একই সঙ্গে বলা হয়, ভুল বা অসত্য সংবাদ প্রকাশের ক্ষতি পরে বিবৃতি বা প্রতিবাদ দিয়ে পূরণ করা সম্ভব নয়। সংবিধান বাকস্বাধীনতা নিশ্চিত করলেও প্রচলিত আইন ও বিধিবিধান মেনে চলার ওপরও সমান গুরুত্ব দিয়েছে।

সবশেষে প্রতিমন্ত্রী ও তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা জনপ্রতিনিধির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পূর্ণাঙ্গ তথ্য যাচাই ছাড়া খণ্ডিত তথ্য প্রচার দায়িত্বশীল সাংবাদিকতার পরিপন্থী। এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার এবং যথাযথ যাচাই-বাছাই করে পূর্ণাঙ্গ তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশের আহ্বান জানানো হয়।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?

স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?

নিজস্ব প্রতিবেদক: টানা দুই দফা দাম বাড়ানোর পর দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন... বিস্তারিত