ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
বিশ্বকাপের বড় পর্দায় খেলা দেখায় থাকবে পুলিশের বিশেষ নজরদারি
নিজস্ব প্রতিবেদক: চলমান ফুটবল বিশ্বকাপে বড় পর্দায় খেলা উপভোগের সময় যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে জন্য প্রদর্শনীর স্থানগুলোতে পুলিশের বিশেষ নজরদারি থাকবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
আজ শুক্রবার (৩ জুলাই) বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম।
বিশ্বকাপে ব্রাজিল বনাম জাপানের ম্যাচ দেখাকে কেন্দ্র করে রাজধানীতে তুচ্ছ ঘটনাকে ঘিরে সংঘটিত একটি হত্যাকাণ্ড এবং ওই মামলার আসামিদের গ্রেপ্তারের বিষয়ে জানাতেই মূলত এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম বলেন, রাজধানীর যেসব স্থানে বড় পর্দায় বিশ্বকাপের খেলা দেখানো হচ্ছে, সেসব স্থানের আয়োজকদের সঙ্গে স্থানীয় থানা-পুলিশ সার্বক্ষণিক যোগাযোগ রাখবে। পাশাপাশি গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ টিমও মাঠে থাকবে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয়।
সংবাদ সম্মেলনে তিনি জানান, রাজধানীর আদাবর থানার ওই হত্যা মামলায় চার আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রিপন (২৭), নিরব (২৫), মজনু মিয়া (৬০) এবং মো. মিজানুর রহমান (৪০)। গত বৃহস্পতিবার (২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সাহেবনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকুও উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে ডিবি জানায়, গত ২৯ জুন রাতে বিশ্বকাপ ফুটবলের ব্রাজিল-জাপান ম্যাচ দেখা এবং বাঁশি বাজানোকে কেন্দ্র করে স্থানীয় দুটি পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। সেই বিরোধের জেরে গত ১ জুলাই রাতে আদাবরের নবোদয় কাঁচাবাজার সংলগ্ন ডি-ব্লকের ১ নম্বর সড়কে একটি সালিস বৈঠক বসে। বৈঠকের শেষ পর্যায়ে দুই পক্ষ আবারও সংঘর্ষে জড়িয়ে পড়লে ধারালো অস্ত্রের আঘাতে নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক মো. আবুল বাশার (৪৫) ও মো. সাদ্দাম হোসেন (৩৫) গুরুতর আহত হন।
পরে আহত দুজনকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে আবুল বাশারের মৃত্যু হয়। আহত সাদ্দাম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ডিবি-তেজগাঁও বিভাগ জানিয়েছে, ঘটনার পর এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য এবং আধুনিক প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করা হয়। পরে ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার চার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- স্টামফোর্ড ইউনিভার্সিটিতে শিক্ষক নিয়োগ, আবেদন ১৮ আগস্ট পর্যন্ত
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- নবম পে স্কেল নিয়ে যা জানা গেল
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ আগস্ট)
- বস্ত্র অধিদপ্তরে ৪২ পদে পুনর্নিয়োগ
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ