ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছে ঢাবি: উপাচার্য
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেছেন, বাংলাদেশের ইতিহাস, গণতান্ত্রিক আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং জাতি গঠনের প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে। প্রতিষ্ঠার পর থেকে দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি উচ্চশিক্ষা, গবেষণা ও মানবসম্পদ উন্নয়নে বিশ্ববিদ্যালয়টি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
তিনি ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, নব্বইয়ের গণতান্ত্রিক আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আত্মদানকারী শহীদ ও সংগ্রামীদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। উপাচার্যের ভাষায়, জাতীয় সংকটের প্রতিটি মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের মানুষের প্রত্যাশা পূরণে অগ্রণী ভূমিকা পালন করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বুধবার (১ জুলাই ২০২৬) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানের শুরুতে দিবসটি উপলক্ষে প্রকাশিত ‘স্মরণিকা’র মোড়ক উন্মোচন করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও অর্জন নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
উপাচার্য বলেন, আন্তর্জাতিক বিভিন্ন র্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ধারাবাহিকভাবে উন্নত হচ্ছে। টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র্যাঙ্কিং ২০২৬, কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৭ এবং কিউএস এশিয়া র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের উল্লেখযোগ্য অগ্রগতি এর একাডেমিক উৎকর্ষের স্বীকৃতি বহন করে। প্রয়োজনীয় সহায়তা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর কাতারে স্থান করে নিতে সক্ষম হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম জানান, গবেষণা, উদ্ভাবন, আন্তর্জাতিক সহযোগিতা এবং শিক্ষার্থীদের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। ২০২৬-২০৪৬ মেয়াদের ‘ঢাকা বিশ্ববিদ্যালয় একাডেমিক প্ল্যান’ বাস্তবায়নের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক, উদ্ভাবননির্ভর এবং নৈতিক নেতৃত্বসম্পন্ন বিশ্ববিদ্যালয় গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তিনি গবেষণা ও শিক্ষার্থী কল্যাণ খাতে পৃথক তহবিল গঠনের লক্ষ্যে প্রাক্তন শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং প্রাক্তন শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আরও সমৃদ্ধ, আধুনিক ও বিশ্বমানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করার আহ্বান জানান।
আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. এ এফ সিরাজুল ইসলাম চৌধুরী।
এতে বক্তব্য দেন প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শামসুজ্জামান দুদু এবং ডাকসুর ভিপি সাদিক কায়েম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দীন আহম্মদ। অনুষ্ঠানের সহযোগী ছিল ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ইমেরিটাস অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. লুৎফর রহমান, সিনেট ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. সদরুল আমিন, একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া এবং ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- নারীদের চোখে পুরুষের যে ৫ শখ বেশি আকর্ষণীয়
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা নিয়ে যা জানা গেল