ঢাকা, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

দেশের ১১ শতাংশ মানুষ এখনো আর্সেনিক ঝুঁকিতে: পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী

২০২৬ জুন ৩০ ১৪:১০:৩৭

দেশের ১১ শতাংশ মানুষ এখনো আর্সেনিক ঝুঁকিতে: পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও ইউনিসেফের যৌথ জরিপ প্রতিবেদন মালটিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (এমআইসিএস) ২০১৯ অনুযায়ী, বর্তমানে দেশের মোট জনসংখ্যার ১১ শতাংশ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে।

মঙ্গলবার জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সরকারি দলের সদস্য সেলিনা সুলতানার টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, আর্সেনিক দূষণের ঝুঁকি থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দিতে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।

তিনি জানান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে গ্রামাঞ্চলে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এসব প্রকল্পের আওতায় ২০২৬ সালের মধ্যে প্রায় ১২ লাখ ১৫ হাজার ৯৪৮টি আর্সেনিকমুক্ত পানির উৎস স্থাপন করা হয়েছে। এর মধ্যে গভীর নলকূপের পাশাপাশি পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহ ব্যবস্থা, বৃষ্টির পানি সংরক্ষণ, পুকুর খনন ও পুনঃখনন এবং সৌরচালিত পন্ড স্যান্ড ফিল্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রী আশা প্রকাশ করেন, এসব কার্যক্রমের ফলে বর্তমানে যারা আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছেন, ২০২৬ সালের মধ্যে তাদের হার ১১ শতাংশ থেকে কমে ৫ থেকে ৬ শতাংশে নেমে আসবে।

গৃহীত পদক্ষেপের অগ্রগতি তুলে ধরে তিনি জানান, এ পর্যন্ত মোট ৬ লাখ ১৫ হাজার ৪৯৭টি পানির উৎস স্থাপন করা হয়েছে। উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় ১ লাখ ৯৯ হাজার ৪৮৫টি পানির উৎস স্থাপন করা হয়েছে।

এ ছাড়া পানি সরবরাহে আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের (সমাপ্ত) আওতায় ১ লাখ ৭৪ হাজার ৬৭৬টি, পল্লী অঞ্চলে পানি সরবরাহ প্রকল্পের (সমাপ্ত) আওতায় ৮৮ হাজার ২৩৫টি এবং অগ্রাধিকারমূলক গ্রামীণ পানি সরবরাহ প্রকল্পের (সমাপ্ত) আওতায় ১ লাখ ৩৮ হাজার ৫৫টি পানির উৎস স্থাপন করা হয়েছে।

ইমামুল হক প্রত্যয়

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত