ঢাকা, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

ভেনেজুয়েলার ভূমিকম্প: ১৮ দিনের নবজাতককে বুকে আগলে অলৌকিকভাবে বাঁচলেন মা

২০২৬ জুন ২৯ ১৬:১৬:৩৭

ভেনেজুয়েলার ভূমিকম্প: ১৮ দিনের নবজাতককে বুকে আগলে অলৌকিকভাবে বাঁচলেন মা

আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে ১৮ দিন বয়সী নবজাতক সন্তানকে বুকে আগলে অলৌকিকভাবে জীবিত উদ্ধার হওয়া এক মা মৃত্যুর সঙ্গে লড়াইয়ের হৃদয়স্পর্শী অভিজ্ঞতা তুলে ধরেছেন। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ডায়ানা পাতিনো জানান, কোলে থাকা তার ছোট্ট ছেলে হুয়ান দাভিদই অন্ধকারের মধ্যে তাকে বেঁচে থাকার সাহস জুগিয়েছিল।

ডায়ানা বলেন, ‘যতক্ষণ আমার ছেলে বেঁচে ছিল, ততক্ষণ আমিও বেঁচে থাকার প্রেরণা পাচ্ছিলাম। সে তখনও শ্বাস নিচ্ছে কি না, তা নিশ্চিত হতে আমি বারবার ওর নাকে হাত দিয়ে দেখছিলাম।’

রোববার (২৮ জুন) ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি ধ্বংসস্তূপের নিচে কাটানো ভয়াবহ মুহূর্তগুলোর বর্ণনা দেন। উত্তর উপকূলীয় অঞ্চল লা গুয়াইরায় নিজেদের আটতলা অ্যাপার্টমেন্টে ভূমিকম্প আঘাত হানার সময় তিনি থালাবাসন ধোয়ার কাজ করছিলেন। প্রথমে এটিকে সাধারণ মৃদু কম্পন মনে হলেও দ্রুত সন্তানকে বুকে জড়িয়ে ধরেন।

সেই বিভীষিকাময় অভিজ্ঞতার কথা স্মরণ করে ডায়ানা বলেন, ‘আমার মনে হচ্ছিল আমি বাতাসে উড়ছি। এরপর মনে হলো আমি পানি আর মাটির গভীরে তলিয়ে যাচ্ছি। শেষমেশ একটি গভীর গর্তে গিয়ে পড়লাম। এত ওপর থেকে পড়ে যাওয়ার পরও কীভাবে আমার বাচ্চাকে হাত থেকে ছাড়িনি, তা আমি নিজেও জানি না। নিচে পড়ার সময় আসবাবপত্রের সঙ্গে প্রচণ্ডভাবে ধাক্কা খেয়েছিলাম।’

ধ্বংসস্তূপে আটকে পড়ার পর তিনি চিৎকার শুরু করলেও দ্রুত বুঝতে পারেন বাইরে থেকে কেউ তার আওয়াজ শুনতে পাচ্ছে না। তখন তিনি নিজেকেই শক্ত থাকতে বলেন। ডায়ানার ভাষায়, ‘আমি নিজেকে বললাম, শুধু শুধু শক্তি নষ্ট করবো না। যখন কাছাকাছি কারও গলার আওয়াজ বা হাঁটার শব্দ পাবো, তখনই চিৎকার করবো।’

তিনি আরও বলেন, ‘আমি কীভাবে এতটা শান্ত ছিলাম, জানি না। আমার বাম পা কংক্রিটের নিচে চাপা পড়েছিল। আমি নড়াচড়া করতে পারছিলাম না। কপালের একপাশও একটি পাথরের সঙ্গে চেপে ছিল।’

চরম অন্ধকারের মধ্যে নিজের শরীরের নিচে একটি বাইবেল অনুভব করার পর প্রথম আশার আলো দেখেন ডায়ানা। তিনি বলেন, ‘সেখান থেকেই মূলত আমার বেঁচে থাকার লড়াই শুরু হয়।’ ধ্বংসস্তূপের অন্ধকারে তিনি সামান্য একটি আলোর বিন্দুও দেখতে পান, যা তার কাছে চাঁদের মতো মনে হয়েছিল।

অবশেষে তিনি তার ভাইয়ের কণ্ঠস্বর শুনতে পান, যিনি বাইরে থেকে তার নাম ধরে ডাকছিলেন। ডায়ানা বলেন, ‘আমি নিজেকে বললাম, এটাই আমার একমাত্র সুযোগ। গলার সবটুকু জোর দিয়ে চিৎকার করে বললাম, আমি এখানে। ওপাশ থেকে আমার ভাই বললো, আমি তোমাকে খুঁজে পেয়েছি। তোমাকে বের না করা পর্যন্ত আমি এখান থেকে এক পা-ও নড়বো না।’

ভাই তার সেই প্রতিশ্রুতি রক্ষা করেন। অত্যন্ত সতর্ক ও জটিল উদ্ধার অভিযানের মাধ্যমে বৃহস্পতিবার (২৫ জুন) রাতে মা ও শিশুকে ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয়। ভূমিকম্পে ডায়ানার দুই পায়ে গুরুতর আঘাত লাগে। তবে সৌভাগ্যক্রমে তার শিশু হুয়ান সামান্য আহত হয়।

ডায়ানার স্বামী গেরসন পাটিনো ভূমিকম্প শুরুর ঠিক আগে গাড়ি পার্ক করে বাসায় ফিরেছিলেন। কম্পন শুরু হতেই তিনি একটি বেড়া টপকে নিরাপদ স্থানে যেতে সক্ষম হন। পরে নিজের অ্যাপার্টমেন্ট ভবনটি ধসে পড়তে দেখে তিনি ধরে নিয়েছিলেন, স্ত্রী ও সন্তান আর বেঁচে নেই।

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, সন্তানকে কোলে নিয়ে আবেগে চোখ বন্ধ করে আকাশের দিকে মুখ তুলে দাঁড়িয়ে আছেন গেরসন। সেই মুহূর্তকে ‘মিরাকল’ বা অলৌকিক ঘটনা উল্লেখ করে তিনি বিবিসিকে বলেন, ‘সেই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি ভেবেছিলাম ওরা মারা গেছে। যখন আমার ছেলেকে জীবিত দেখলাম, মনে হলো আমার নিজেরই নতুন জন্ম হয়েছে। আমি বিশ্বাসই করতে পারছিলাম না। মনে হচ্ছিল আমার ভেতরে জীবন ফিরে এসেছে।’

ভূমিকম্পে গেরসন ও ডায়ানার ঘরবাড়ি এবং সব আসবাবপত্র সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তাদের পোষা কুকুরটিও এখনো নিখোঁজ। তবু নতুন জীবন ফিরে পাওয়ার আনন্দে তারা আবারও নতুন করে সবকিছু গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন। গেরসন বলেন, ‘আমরা প্রায় সবকিছুই হারিয়েছি। কিন্তু আমরা তো বেঁচে আছি। যা হারিয়েছি, তা আবার নতুন করে গড়ে তুলবো।’

বুধবার (২৩ জুন) আঘাত হানা এই জোড়া ভূমিকম্পে দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১ হাজার ৪৫০ জনে পৌঁছেছে। এছাড়া ১০ হাজারেরও বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট এটিকে ভেনেজুয়েলার ইতিহাসের ‘সবচেয়ে নির্মম প্রাকৃতিক বিপর্যয়’ হিসেবে উল্লেখ করেছেন। ধ্বংসস্তূপে এখনো উদ্ধার অভিযান চললেও জীবিত কাউকে পাওয়ার আশা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে।

ইমামুল হক প্রত্যয়

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ জুন)

আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ জুন)

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ মূল্য তালিকা অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের এক... বিস্তারিত