ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩
জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নিবেন প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিবেদক: ঈদুল আজহার প্রধান জামাতকে ঘিরে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। আধুনিক সুযোগ-সুবিধা, কড়া নিরাপত্তা ও নারী-পুরুষের জন্য পৃথক ব্যবস্থাপনার মাধ্যমে এবারও জাতীয় ঈদগাহকে প্রস্তুত করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
পবিত্র ঈদুল আজহা-২০২৬ উপলক্ষ্যে জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। এই জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রিপরিষদের সদস্য, বিচারপতি, বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং বিদেশি কূটনীতিকদের অংশ নেওয়ার কথা রয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম জানিয়েছেন, মুসল্লিদের স্বস্তিদায়ক ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নিরাপত্তা থেকে শুরু করে নামাজ আদায়ের সুবিধা—সবকিছুতেই রাখা হয়েছে বিশেষ নজর।
ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তার তথ্য অনুযায়ী, প্রধান জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক।
প্রায় ৩০ হাজার বর্গমিটার আয়তনের জাতীয় ঈদগাহে এবার ২৫ হাজার ৪০০ বর্গমিটার এলাকাজুড়ে প্যান্ডেল নির্মাণ করা হয়েছে। ১২১টি কাতারে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। এর মধ্যে ভিআইপি পুরুষদের জন্য ২৫০ জন এবং নারীদের জন্য ৮০ জনের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া সাধারণ মুসল্লিদের জন্য প্রায় ৩১ হাজার পুরুষ ও সাড়ে ৩ হাজার নারী নামাজ আদায়ের সুযোগ পাবেন।
মুসল্লিদের প্রবেশ ও বের হওয়ার সুবিধার্থে আলাদা ফটকের ব্যবস্থা রাখা হয়েছে। প্রবেশের জন্য চারটি এবং বের হওয়ার জন্য সাতটি ফটক নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে নারী মুসল্লিদের জন্য পৃথক প্রবেশ ও বহির্গমন পথ রাখা হয়েছে।
কাতার ব্যবস্থাপনাতেও আনা হয়েছে ভিন্নতা। ভিআইপি পুরুষদের জন্য পাঁচটি, নারীদের জন্য একটি, সাধারণ পুরুষ মুসল্লিদের জন্য ৬৫টি বড় কাতার এবং নারী মুসল্লিদের জন্য ৫০টি ছোট কাতারের ব্যবস্থা করা হয়েছে।
অজুর জন্যও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। একসঙ্গে প্রায় ১৪০ জন মুসল্লি অজু করতে পারবেন। এর মধ্যে পুরুষদের জন্য ১১৩ জন এবং নারীদের জন্য ২৭ জনের পৃথক অজুখানার ব্যবস্থা রাখা হয়েছে।
ঈদগাহে মুসল্লিদের স্বাচ্ছন্দ্য নিশ্চিতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, পর্যাপ্ত ফ্যান, আলোর ব্যবস্থা, বিশুদ্ধ খাবার পানি, কার্পেট ও ভিআইপি কাতারে জায়নামাজ সরবরাহ করা হবে। পাশাপাশি নারীদের জন্য পৃথক নামাজের স্থানও নির্ধারণ করা হয়েছে।
নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মোতায়েন থাকবে। এছাড়া প্রাথমিক চিকিৎসা, ভ্রাম্যমাণ টয়লেট, বৃষ্টির পানি নিষ্কাশন ও পানি নিরোধক সামিয়ানার ব্যবস্থাও রাখা হয়েছে।
মুসল্লিদের আকর্ষণ বাড়াতে জাতীয় ঈদগাহে নির্মাণ করা হয়েছে তিনটি দৃষ্টিনন্দন ফটক। আয়োজকদের দাবি, ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশে ঈদের জামাত আদায়ের জন্য সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম মিশর খেলা সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- পর্তুগাল বনাম স্পেনের খেলা চলছে, LIVE দেখুন এখানে
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- পর্তুগাল বনাম স্পেন খেলা সরাসরি দেখবেন যেভাবে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- আজকের খেলার সময়সূচি (১০ জুলাই)
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- আজকের খেলার সময়সূচি (৭ জুলাই)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- চট্রগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত