ঢাকা, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

শিক্ষকদের পেনশন ও বদলি দ্রুত নিষ্পত্তির নির্দেশ শিক্ষামন্ত্রীর

২০২৬ মার্চ ০৫ ১৬:১৩:২৪

শিক্ষকদের পেনশন ও বদলি দ্রুত নিষ্পত্তির নির্দেশ শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: শিক্ষকদের দীর্ঘদিনের পুঞ্জীভূত প্রশাসনিক সমস্যাগুলো দ্রুত নিরসনের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে (মাউশি) কঠোর নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভায় তিনি এই নির্দেশনা দেন।

মন্ত্রী শিক্ষকদের বেতন-ভাতা, পেনশন, ছুটি, বদলি, প্রশিক্ষণ ও উচ্চশিক্ষাসংক্রান্ত সকল ফাইল দ্রুত নিষ্পত্তির ওপর জোর দেন। তিনি বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষকদের যেন কোনোভাবেই অফিসে অপ্রয়োজনীয় সময় ব্যয় করতে না হয়। নির্ধারিত সময়সীমার মধ্যেই তাঁদের সব ধরনের প্রশাসনিক সেবা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।

বদলির ক্ষেত্রে স্বচ্ছতা আনতে মন্ত্রী এক যুগান্তকারী ঘোষণা দেন। তিনি কর্মকর্তাদের বলেন, বদলিতে তদবির কালচার বন্ধ করতে হবে। এর পরিবর্তে স্বচ্ছতা নিশ্চিত করতে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক সফটওয়্যার’ ব্যবহারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।

মন্ত্রী আরও বলেন, সরকারি কাজে সুষ্ঠু সমন্বয় এবং খোলামেলা আলোচনার মাধ্যমে কর্মপরিবেশকে কার্যকর করতে হবে। কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা নির্ভয়ে ও যুক্তির ভিত্তিতে নিজেদের মতামত প্রদান করুন। এ ছাড়া সেবাপ্রদান প্রক্রিয়াকে আধুনিক ও সহজ করতে ‘অটোমেশন ও ডিজিটাল পদ্ধতি’ চালুর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

ভবিষ্যতে এমন একটি ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা ব্যক্ত করেন মন্ত্রী, যাতে সেবাপ্রার্থীরা সহজেই তাদের সমস্যার ধরন অনুযায়ী সংশ্লিষ্ট ডেস্ক বা কর্মকর্তার তথ্য জানতে পারেন। একই সঙ্গে অনলাইন সেবার পরিধি বাড়িয়ে শিক্ষকদের হয়রানি মুক্ত রাখার অঙ্গীকার করেন তিনি।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত