ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২

কূটনৈতিক পাসপোর্ট জমা দিলেন ড. ইউনূস

২০২৬ ফেব্রুয়ারি ১৯ ১১:০৩:৩৪

কূটনৈতিক পাসপোর্ট জমা দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতা হস্তান্তরের আগেই কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। দায়িত্বে থাকা অবস্থাতেই, মেয়াদ শেষ হওয়ার প্রায় এক সপ্তাহ আগে তিনি তার লাল পাসপোর্ট সংশ্লিষ্ট দপ্তরে ফেরত দেন।

সরকারি সূত্র জানিয়েছে, প্রধান উপদেষ্টার পাশাপাশি উপদেষ্টা পরিষদের অনেক সদস্যও ইতোমধ্যে তাদের কূটনৈতিক পাসপোর্ট হস্তান্তর করেছেন। যদিও কয়েকজন এখনো পাসপোর্ট জমা দেননি। তাদের মধ্যে রয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, প্রধান উপদেষ্টা ছাড়া প্রায় ২০ জন উপদেষ্টা ও সমমর্যাদার কর্মকর্তা পাসপোর্ট জমা দিয়েছেন।

সরকারের এক কর্মকর্তা বলেন, ‘কূটনৈতিক পাসপোর্ট সাধারণত সরকারের মেয়াদের সঙ্গে ছয় মাস পর্যন্ত বাড়ানো হয়। যারা এখনো পাসপোর্ট হস্তান্তর করেননি, তাদেরকে অবশ্যই পরে ছাড়তে হবে। মেয়াদ শেষে পাসপোর্ট রিনিউ করতে গেলে আর সেই সুবিধা থাকবে না।’

যারা ইতোমধ্যে পাসপোর্ট জমা দিয়েছেন তাদের মধ্যে আছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, মুক্তিযুদ্ধ ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম বীরপ্রতীক, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, বাণিজ্য ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন, তথ্য ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এবং সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

এছাড়া প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং ডাক ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবও কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন। সাবেক ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও দায়িত্ব ছাড়ার পরপরই তাদের পাসপোর্ট ফেরত দেন।

উল্লেখ্য, ২০০৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার প্রায় দেড় বছর দায়িত্ব পালন করে। পরে ১২ ফেব্রুয়ারি নির্বাচিত সরকারের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে বিএনপি তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠন করে। প্রধানমন্ত্রী তারেক রহমান ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী নিয়ে নতুন মন্ত্রিসভা ঘোষণা করেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ