ঢাকা, বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২

শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট সুবিধা পরিহারের প্রশংসা টিআইবির

২০২৬ ফেব্রুয়ারি ১৮ ১৮:১৭:০১

শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট সুবিধা পরিহারের প্রশংসা টিআইবির

নিজস্ব প্রতিবেদক: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট সুবিধা না নেওয়ার ঘোষণাকে বহুল প্রতীক্ষিত, সুচিন্তিত ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছে। একই সঙ্গে সংস্থা সংসদ সদস্য ও সরকারি দায়িত্বপ্রাপ্ত সকলের আয়-ব্যয় ও সম্পদ বিবরণী প্রকাশ এবং সমন্বিত জাতীয় দুর্নীতিবিরোধী কৌশল প্রণয়নের আহ্বান জানিয়েছে।

টিআইবি বিবৃতিতে উল্লেখ করেছে, শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট সুবিধা না নেওয়ার ঘোষণা দীর্ঘদিনের বৈষম্যমূলক রাষ্ট্র পরিচালনার চর্চা থেকে বেরিয়ে আসার পথে একটি গুরুত্বপূর্ণ সূচনা। তবে এর পূর্ণাঙ্গ সুফল পেতে রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখা, নির্বাচনী ইশতেহার, জুলাই সনদ এবং দুদক সংস্কার কমিশনের সুপারিশের আলোকে একটি সমন্বিত জাতীয় দুর্নীতিবিরোধী কৌশল প্রণয়ন ও বাস্তবায়ন জরুরি।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, জুলাই অভ্যুত্থান ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মূল লক্ষ্য ছিল দুর্নীতিমুক্ত, সুশাসিত ও জবাবদিহিমূলক বাংলাদেশ। বিপুল জনরায় প্রাপ্ত সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের পূর্বশর্ত হলো দুর্নীতি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ।

তিনি আরও বলেন, উন্নয়ন প্রকল্প ও সরকারি ক্রয়খাতসহ ক্ষমতার অপব্যবহার, স্বার্থের দ্বন্দ্ব, দলীয়করণ, চাঁদাবাজি, ঘুষ ও অর্থপাচারের মতো অনিয়ম রোধে কাঠামোগত সংস্কার প্রয়োজন। কার্যকর উদ্যোগ ছাড়া জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়।

সংস্থাটি দাবি করেছে, সরকার পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের অংশ হিসেবে সকল সংসদ সদস্য ও সরকারি দায়িত্বপ্রাপ্তদের আয়-ব্যয় ও সম্পদ বিবরণী ওয়েবসাইটে প্রকাশ করতে হবে, এবং দায়িত্ব গ্রহণের তিন মাসের মধ্যে নিজ ও পরিবারের সদস্যদের সম্পদবিবরণী প্রকাশ বাধ্যতামূলক করা উচিত।

ড. ইফতেখারুজ্জামান আরও বলেন, এই চর্চা শুধুমাত্র জনপ্রতিনিধিদের জন্য সীমাবদ্ধ রাখা উচিত নয়, রাষ্ট্রীয় বেতনভুক্ত সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর ক্ষেত্রেও এটি প্রযোজ্য হতে হবে।

টিআইবি মনে করে, শুল্কমুক্ত সুবিধা পরিহারের ঘোষণা বৈষম্যবিরোধী চেতনায় রাষ্ট্র পরিচালনার ইতিবাচক সূচনা, তবে সাংবিধানিক ও আইনগত ক্ষমতার অপব্যবহার রোধে প্রয়োজনীয় সংস্কার এবং রাজনৈতিক দল, রাষ্ট্রীয় ও অরাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও জনগণের সমন্বিত অংশগ্রহণে কার্যকর জাতীয় দুর্নীতিবিরোধী কৌশল গ্রহণ এখন সময়ের দাবি।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ