ঢাকা, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২
'প্রধান উপদেষ্টাকে শক্তিশালী হওয়ার আহ্বান বিএনপির'
গণফোরামের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে তার সম্মান বজায় রেখে আরও শক্তিশালী হওয়ার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (২৯ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে তিনি এ কথা বলেন।
জাহিদ হোসেন তার বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং ব্যাপক দুর্নীতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, "রাজনৈতিক আলোচনায় ‘বয়ান’ ও ‘বন্দোবস্ত’-এর মতো নতুন শব্দ এবং ব্যাপক দুর্নীতি আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করছে। একজন উপদেষ্টার ২০০ কোটি টাকার লেনদেনের অভিযোগ এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের বিপুল সম্পদের খবর এই উদ্বেগকে আরও বাড়িয়ে তোলে।" তিনি শাহবাগে বা অন্য কোথাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতেও আক্রমণ বা সহিংসতা ঘটলে জবাবদিহিতার অভাবকে হতাশাজনক বলে উল্লেখ করেন।
তিনি আরও জোর দেন যে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার দায়িত্ব সরকার, নির্বাচন কমিশন এবং সব রাজনৈতিক দলের। একই সাথে মুক্তভাবে কথা বলার অধিকার নিশ্চিত করাও জরুরি বলে তিনি মনে করেন।
সভায় গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, "ঐক্যের বিকল্প নেই।" তিনি অভিযোগ করেন, বিগত সরকার দলীয়করণের মাধ্যমে রাষ্ট্রের সব সাংবিধানিক প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান এবং গণতান্ত্রিক ব্যবস্থা সমূলে ধ্বংস করে দিয়েছে। তার মতে, এসব প্রতিষ্ঠানের প্রয়োজনীয় সংস্কারসহ একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রের গণতান্ত্রিক উত্তরণ এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব।
কামাল হোসেন আরও উদ্বেগের সাথে বলেন, গণঅভ্যুত্থানের পর থেকেই একটি অশুভ শক্তি বিগত আমলের মতোই সর্বত্র চাঁদাবাজি, দখলবাজি, আধিপত্য বিস্তার করেছে। এর ফলে সন্ত্রাস, সংঘর্ষ ও 'মব কালচারের' এক নতুন প্রেক্ষাপট বিরাজ করছে। এই অশুভ শক্তিকে সরকার দমন করতে ব্যর্থ হলে দেশে ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে, যা কারো কাম্য নয়।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রধান উপদেষ্টা খালেকুজ্জামান মন্তব্য করেন, অতীতে দেখা অতি নিয়ন্ত্রিত স্বৈরাচারের জায়গায় এখন চলছে অনিয়ন্ত্রিত স্বেচ্ছাচার। তিনি বলেন, আগে এক গোষ্ঠীর লুটপাট ছিল, এখন চলছে বহু গোষ্ঠীর লুটপাট। আগে ছিল ফ্যাসিবাদী নিষ্ঠুরতা, এখন দেখছি নৃশংস হিংস্রতা। কথিত আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ ব্যবসার পাশাপাশি এখন মুক্তিযুদ্ধকে অস্বীকার ও কলঙ্কিত করার অপচেষ্টা চলছে বলেও তিনি অভিযোগ করেন।
গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরীর সভাপতিত্বে এই আলোচনা সভায় সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, দলের উচ্চতর পরিষদ সদস্য সুরাইয়া খানম প্রমুখ উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: রেজাল্ট দেখুন এক ক্লিকে
- ইবতেদায়ি বৃত্তির ফল প্রকাশ: মোট বৃত্তি পেল ১১ হাজার ১৮০ জন শিক্ষার্থী
- সুপার এইটে পাকিস্তান বনাম ইংল্যান্ড, যেভাবে লাইভ দেখবেন
- পুলিশে ১০ হাজার কনস্টেবল নিয়োগ: আবেদনের যোগ্যতা ও নিয়মাবলী
- প্রকাশিত হলো ডিগ্রি ১ম বর্ষ পরীক্ষার ফলাফল, দেখুন এখানে
- বিএসইসি'র বাঁধা, ডিভিডেন্ড দিতে পারছে না তালিকাভুক্ত কোম্পানি
- সেশনজটমুক্ত ক্যাম্পাস গড়তে ঢাবির যুগান্তকারী ‘লস রিকভারি প্ল্যান’
- হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা
- বিক্রিতে ধস, অথচ শেয়ার দরে উল্লম্ফন: জি কিউ বলপেনের রহস্য কী?
- ডুসাসের নেতৃত্বে জিসান-সাবরিন
- জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল কাল, সহজে দেখবেন যেভাবে
- একই কক্ষপথে যাত্রা, এক বছর পর তিন মেরুতে তিন কোম্পানি
- মারা যাওয়ার আগে কী বার্তা দিলেন জাহের আলভীর স্ত্রী?
- জানুন জুনিয়র বৃত্তিতে মাসিক ও বার্ষিক ভাতার পরিমাণ
- সেন্ট্রাল ফার্মা শেয়ার স্থানান্তর কাণ্ডে ডিএসইকে তলব